Last Updated:
মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই কবিতার উপরে অত্যাচার চালাত তাঁর স্বামী শুভম৷ বছর দেড়েক আগে দু জনের বিয়ে হয়েছিল৷ কিন্তু সামাজিক লজ্জার ভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আসেননি ওই তরুণী৷
দিল্লি: স্বামীকে খেতে দেওয়ার জন্য রুটি করছিলেন স্ত্রী৷ আর সেই সুযোগেই স্ত্রীকে গুলি করে খুন করল গুণধর স্বামী৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির সঙ্গম বিহার এলাকায়৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে৷ ৩০ বছর বয়সি মৃত ওই গৃহবধূর নাম কবিতা৷ তাঁকে খুনের অভিযোগে তরুণী স্বামী শুভম রাজপুতকে খুঁজছে পুলিশ৷
কবিতার বোন সংবাদসংস্থা পিটিআই-এর কাছে অভিযোগ করেছেন, ‘ও আমাকে মাঝেমধ্যেই বলত যে স্বামী ওর উপরে অত্যাচার করে, মারধর করে৷ মাঝেমধ্যেই ওকে হুমকিও দিত শুভম৷ কিন্তু লোকজন কী বলবে, সেসব ভেবেই স্বামীর কাছে থেকে গিয়েছিল কবিতা৷’
অভিযুক্ত শুভমের মা এবং ভাইও তাঁদের সঙ্গেই থাকতেন৷ কবিতার জামাইবাবুর অভিযোগ, আগে থেকেই পরিকল্পনা করে তাঁর শ্যালিকাকে খুন করা হয়েছে৷ খুনের দায় যাতে শুধুমাত্র তার উপরেই পরে, তার জন্য আগের দিনই মা এবং ভাইকে অন্যত্র পাঠিয়ে দিয়েছিল শুভম৷
কবিতার জামাইবাবুর আরও দাবি, ওই তরুণীর শরীরে চারটি গুলি লাগে৷ একটি গুলি লাগে তাঁর হাতে, দুটি পেটে এবং একটি গুলি লাগে গলার কাছে৷ ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ৷ কবিতার বোনের দাবি, খুনের আগে কবিতার সঙ্গে একপ্রস্ত বচসা হয় শুভমের৷ তার পরেও স্বামীর জন্য রান্নাঘরে রুটি বানাতে যান কবিতা৷ সেই সময়ই তাঁকে গুলি করে শুভম৷
মৃত তরুণীর বাপের বাড়ির পক্শ থেকে অভিযোগ করা হয়েছে, জুয়া খেলে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছিল শুভমের৷ অন্য সম্পর্কেও জড়িয়ে ছিল সে৷ দেনা শোধ করার জন্য বার বার কবিতার নামে থাকা একটি জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিল শুভম৷ কিন্তু তাতে রাজি হননি কবিতা৷
কবিতার জামাইবাবু সুরেশের অভিযোগ, ‘ওই জমি বিক্রি করতে পারলেই শুভমের দেনা শোধ করার মতো টাকা উঠে আসত৷ কিন্তু কবিতা তাতে রাজি হয়নি৷ শুভমের দু তিনজন বন্ধুও এই চক্রান্তের সঙ্গে যুক্ত৷’
Kolkata,West Bengal
