Last Updated:
Delhi Restaurant Fire: দক্ষিণ দিল্লির লেমন গ্রিন রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে মৃত্যু ২১ জনের। এখনও পর্যন্ত উদ্ধার ৩৭। উদ্ধারকাজ চালাচ্ছে দমকল। কীভাবে লাগল আগুন? তদন্ত শুরু পুলিশের।
নয়াদিল্লি: দিল্লির মালব্য নগর এলাকায় বুধবার সকালে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দক্ষিণ দিল্লির হাউজ রানি এলাকার বহুতল ‘লেমন গ্রিন রেস্তোরাঁয়’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধিকারিকদের দাবি, মৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিস (DFS) সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এবং উদ্ধারকারী দল পাঠানো হয়। এই ঘটনাটি নেহরু প্লেস ফায়ার স্টেশনের অধীন এলাকায় ঘটেছে। দমকল কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় সকাল প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছে, রেস্তোরাঁর বেসমেন্ট থেকে মোট ৩৭ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। পরে তাঁদের CATS অ্যাম্বুল্যান্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। দমকল বিভাগ আরও জানিয়েছে, নেহরু প্লেস ফায়ার স্টেশনের ডিভিশনাল অফিসার (DO) রবিন্দর ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করেন।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে ১১ জন আহত ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের মূল্যায়ন পাওয়ার পরই বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। একজন শীর্ষ দমকল আধিকারিক জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১০টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভবনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যায় প্রশাসন।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পরও দমকল ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত চালিয়ে যাচ্ছেন। ঘটনার পরপরই মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর (PMO)। প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, “দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং প্রত্যেক আহতকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।”
Kolkata,West Bengal
