Last Updated:
Dilip Ghosh: সারাদিন টানটান উত্তেজনার পর ভোটগণনা শেষে দেখা গেল, ৩০ হাজার ৫০৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর জয়ের খবর নিশ্চিত হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রাজ্য রাজনীতির অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র খড়গপুর সদরে শেষ হাসি হাসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সারাদিন টানটান উত্তেজনার পর ভোটগণনা শেষে দেখা গেল, ৩০ হাজার ৫০৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। আর জয়ের খবর নিশ্চিত হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা।
ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু এই জয়কে সাধারণ মানুষের জয় বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘খড়গপুরের জনতা-জনার্দনের আশীর্বাদেই এই ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে।’ এই জয়কে তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণের পথে এক বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
উন্নয়নের প্রশ্নে দিলীপ ঘোষ জানান, আগামী দিনে খড়গপুরের পরিকাঠামো বদলে ফেলাই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার মানোন্নয়নে তিনি জোর দেবেন। কর্মসংস্থান নিয়ে তাঁর বক্তব্য, ‘বাঙালিকে আর বাইরে যেতে হবে না, বাংলার মাছ আর বাংলার ভাতেই হবে কর্মসংস্থান।’ তবে এ দিন সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর বিজয়োল্লাসের ধরন। জয়ের পর রীতিমত জিসিবির (JCB) ওপর চড়ে দলের পতাকা নাড়াতে দেখা যায় তাঁকে। সমর্থকদের ভিড়ে মিশে গিয়ে তিনি বুঝিয়ে দেন, খড়গপুর এখনও তাঁর অন্যতম শক্তিশালী দুর্গ।
এ দিনের এই জয় খড়গপুরের রাজনৈতিক সমীকরণে বিজেপির অবস্থানকে আরও মজবুত করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন নবনির্বাচিত প্রার্থীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
Kolkata,West Bengal
May 04, 2026 11:06 PM IST