Last Updated:
DK Shivakumar: বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার৷ উপমুখ্যমন্ত্রী হলেন জি পরমেশ্বর৷ বেঙ্গালুরুর লোকভবনের গ্লাস হাউসে হল শপথ গ্রহণ অনুষ্ঠান৷
বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার৷ বুধবার, কর্ণাটকের লোকভবনের গ্লাস হাউসে হল শপথ গ্রহণ অনুষ্ঠান৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি পরমেশ্বর৷ তবে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ‘বন্দে মাতরম’ বাজানোর কথা ঘোষণা করা হলেও ভুলবশত কর্ণাটক রাজ্যের সঙ্গীত বাজতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা৷
মুখ্যমন্ত্রী শিবকুমারের সঙ্গেই শপথ গ্রহণ করলেন তাঁর মন্ত্রিসভার আরও ১৩ সদস্য৷ সেই দলে রয়েছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যথীন্দ্র সিদ্ধারামাইয়া। নতুন মন্ত্রিসভায় আরও স্থান পেয়েছেন ইউ টি খাদার, এম বি পাটিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, কৃষ্ণা বাইরেগৌড়া, প্রিয়াঙ্ক খাড়গে, ঈশ্বর খাণ্ড্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল। রাজ্যসভার নির্বাচন শেষে মন্ত্রিসভার আরও সম্প্রসারণ হতে পারে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, শপথ গ্রহণ অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক৷ অনুষ্ঠান সঞ্চালক ‘বন্দে মাতরম’ বাজানোর ঘোষণা করার পর হঠাৎ করেই কর্ণাটকের রাজ্য সঙ্গীত বাজতে শুরু করে। ভুল ধরা পড়তেই কর্মকর্তারা মাঝপথে সেই সঙ্গীত বন্ধ করে দেন এবং পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়।
ঘটনাটি বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ কয়েক দিন আগেই প্রতিবেশী তামিলনাড়ুতেও শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সঙ্গীত পরিবেশনের ক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্ত্রি কাঝাগম (টিভিকে) সরকারের নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে ‘তামিল থাই ভাঝথু’ অনুষ্ঠান শেষে গাওয়া হয়। ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীতের পরে তামিল সঙ্গীত পরিবেশন করা নিয়ে একাধিক রাজনৈতিক দল আপত্তি জানায় এবং বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
Kolkata,West Bengal
