Last Updated:
Donald Trump: ‘ইরানকে পরমাণু অস্ত্র রাখতে দেওয়া হবে না’, আলোচনায় বড় দাবি ট্রাম্পের।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান আলোচনায় ইরান ওয়াশিংটনের প্রায় সব শর্তই মেনে নিয়েছে। তাঁর বক্তব্য, দুই দেশের মধ্যে হওয়া এই আলোচনা মূলত ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যেই চলছে এবং চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে।
CNBC-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আমাদের যা যা দরকার, তার প্রায় সবকিছুতেই তারা সম্মত হয়েছে।” ট্রাম্পের দাবি, এটি প্রচলিত অর্থে কোনও যুদ্ধ নয়, বরং “ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ”। তাঁর কথায়, “ইরানকে কখনও পরমাণু অস্ত্র রাখতে দেওয়া যাবে না।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের সামরিক শক্তিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের বক্তব্য, “তাদের নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, রাডার নেই। তাদের নেতারা নিহত হয়েছে। নতুন নেতৃত্ব এলেও তারাও নিহত হয়েছে। এখন তৃতীয় সারির নেতৃত্ব এসেছে, আর তাদের সঙ্গেও আমাদের আলোচনা চলছে।”
ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমস-এর সেই প্রতিবেদনেরও সমালোচনা করেন, যেখানে বলা হয়েছিল সংঘাতের পর ইরান আগের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। তাঁর দাবি, ইরানের সেনাবাহিনী, জেনারেল এবং শীর্ষ নেতৃত্বের বড় অংশই ধ্বংস হয়েছে। পাশাপাশি তিনি বলেন, দেশটির মূল্যস্ফীতি ৫ শতাংশ থেকে বেড়ে ৩০০ শতাংশে পৌঁছেছে।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প জানান, চুক্তি হলে যুক্তরাষ্ট্রই ইরানকে খাদ্যশস্য সরবরাহ করতে পারে। তাঁর কথায়, “তাদের খাদ্যের প্রয়োজন। ভুট্টা, গম ও সয়াবিন আমরা আমাদের মার্কিন কৃষকদের মাধ্যমে সরবরাহ করব।” নৌ-অভিযানের প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সব রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। তাঁর বক্তব্য, নতুন রাডার বসানোর পরও তা আবার ধ্বংস করা হয়েছে এবং ইরানকে তৃতীয়বারের মতো নতুন করে রাডার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর সমঝোতার লক্ষ্যে পরোক্ষ আলোচনা এখনও চলছে। দোহায় সর্বশেষ বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক চলাচল এবং অন্তর্বর্তী চুক্তির আওতায় ইরানের স্থগিত তহবিল মুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হলেও বৃহত্তর শান্তি চুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত মেলেনি। আগামী ৯ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আল খামেইনির শেষকৃত্যের পর পরবর্তী দফার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Kolkata,West Bengal
