Last Updated:
মার্কিন প্রেসিডেন্টের এই দাবি অবশ্য খারিজ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস৷ তাদের দাবি, হরমুজ প্রণালী তাদের দখলেই রয়েছে৷
হরমুজ প্রণালীর অভিভাবক এখন তাঁরাই৷ ইরানের দাবিকে নস্যাৎ করে দিয়ে এমনই ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে এবং খোলাই থাকবে৷
একই সঙ্গে অবশ্য ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতে নিরাপদে পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেবে মার্কিন বাহিনী৷ কিন্তু এই নিরাপত্তা দেওয়ার বিনিময়ে জাহাজে থাকা পণ্যের মূল্যের কুড়ি শতাংশ অর্থ শুল্ক হিসেবে আদায় করবে আমেরিকা৷
এ দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের মত থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং খোলাই থাকবে৷ ইরান যে বাধা সৃষ্টি করেছিল, তা আমরা সরিয়ে দিয়েছি৷ বিশ্বের সব দেশ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে৷’
ট্রাম্প আরও লেখেন, ‘এই মুহূর্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালীর অভিভাবক৷ কিন্তু বিশ্বেরর এই প্রান্তে যে অস্থিরতা তৈরি হয়ে আছে তাতে জাহাজগুলিকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করার বিনিময়ে মোট পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে শুল্ক আদায় করা হবে, যা অত্যন্ত ন্যায্য৷’
এই ঘোষণার ঠিক আগেই একটি সাক্ষাৎকারেও হরমুজ প্রণালী নিয়ে একই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কার্যত বিনামূল্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে রক্ষা করছে ওয়াশিংটন৷
ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হরমুজ প্রণালীকে পাহারা দেওয়ার জন্য আমাদের টাকা দিতে হবে৷ সেই অর্থমূল্য অনেকই, কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের মানুষের জীবন বিপন্ন করে এতকিছু করার খরচটুকুই তুলছি৷’
তবে ২০ শতাংশ হারে শুল্ক আদায় বলতে ট্রাম্প ঠিক কী বলেছেন, তা এখনও স্পষ্ট নয়৷ কীভাবে এই ২০ শতাংশ শুল্ক হার ঠিক হবে, আমেরিকা কীভাবে এই কর আদায় করবে, বিশ্বের অন্যান্য দেশ অথবা পণ্যবাহী জাহাজগুলি এই শর্তে রাজি হবে কি না, তাও এখনও জানা যায়নি৷
Kolkata,West Bengal
Jul 13, 2026 10:39 PM IST
