Last Updated:
Donald Trump on Narendra Modi: ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, আলোচনাগুলি সহযোগিতা ও বাস্তববাদী মনোভাবের মধ্য দিয়ে এগিয়েছে। উভয় পক্ষই এমন একটি পারস্পরিক লাভজনক চুক্তি সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
ওয়াশিংটন: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের আশার কথা শোনালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এদিন হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও নয়াদিল্লি খুব শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ‘ভাল বন্ধু’ বলেও উল্লেখ করেন এবং বলেন তাঁদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা অবশ্যই একটি চুক্তিতে পৌঁছব, কারণ আমি আপনার প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার ভাল বন্ধু এবং আমাদের মধ্যে খুব ভাল বোঝাপড়া রয়েছে। আমাদের সম্পর্ক খুবই ভাল।”
মার্কিন প্রেসিডেন্ট আবারও ভারতের শুল্কনীতি নিয়ে তাঁর দীর্ঘদিনের সমালোচনার কথা তুলে ধরেন। তাঁর দাবি, বহু বছর ধরে ভারত আমেরিকান পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে, অথচ যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধাজনক প্রবেশাধিকার ভোগ করেছে।
ট্রাম্প বলেন, “বহু বছর ধরে ভারত আমেরিকার সুবিধা নিয়েছে। আমাদের পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করত ভারত, অথচ কার্যত কিছুই দিত না।” তবে তাঁর দাবি, সাম্প্রতিক বছরে এই বাণিজ্যিক সমীকরণ বদলেছে এবং এখন যুক্তরাষ্ট্রই ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক থেকে বেশি লাভবান হচ্ছে। তিনি বলেন, “এখন পরিস্থিতি একেবারে উল্টো। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করে অনেক অর্থ উপার্জন করছি।”
ট্রাম্প আমেরিকার মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান Harley-Davidson-এর উদাহরণও দেন। তিনি অতীতেও বহুবার এই সংস্থার প্রসঙ্গ টেনে ভারতের কথিত অন্যায্য বাণিজ্য বাধার সমালোচনা করেছেন।
তিনি বলেন, “তারা হার্লে-ডেভিডসনকে দেশে ঢুকতে দিতে চাইত না। ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করত। দুর্ভাগ্যজনকভাবে, এসব আমার ক্ষমতায় আসার আগে ঘটেছে। তারা এখানে মোটরসাইকেল বিক্রি করতে চাইত, আর আমরা তাদের কাছ থেকে কোনও শুল্কই নিতাম না।”
এই সপ্তাহের শুরুতে একটি মার্কিন প্রতিনিধিদল ভারতে এসেছিল এবং বৃহস্পতিবার একটি অন্তর্বর্তিকালীন দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে চার দিনের আলোচনাও হয়েছে তাদের মধ্যে।
New Delhi,Delhi
