Last Updated:
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা ‘খর্ব’ করতে মার্কিন আইনসভায় প্রস্তাব পাশ হল। অবিলম্বে ইরান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মার্কিন আইনসভার নিম্নকক্ষে এই প্রস্তাব পাশ হতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্প ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে।
তেহরান: ইরান শনিবার হরমুজ প্রণালীর দিকে একাধিক ড্রোন উৎক্ষেপণ করেছিল ৷ আমেরিকা এর দ্রুত জবাব দেয় এবং অন্তত চারটি ড্রোন গুলি করে নামায় ৷ এমনটাই জানানো হয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর পক্ষ থেকে। মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, এই একমুখী আক্রমণাত্মক ড্রোনগুলো সম্ভবত কৌশলগত এই জলপথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ অথবা ওই অঞ্চলে কাজ করা ইউএস সামরিক সম্পদকে লক্ষ্য করছিল। ড্রোন আটকানোর পর, মার্কিন বাহিনী ইরানের গোরুক এবং কেশম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার সাইটে পাল্টা হামলা চালায়। তারা বলেছে, এই পদক্ষেপ আগামী দিনে আরও হামলা ঠেকাতে এবং সামুদ্রিক চলাচল রক্ষা করতে জরুরি ছিল।
CENTCOM-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “কিছুক্ষণ আগে, CENTCOM বাহিনী হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানের চারটি একমুখী আক্রমণাত্মক ড্রোন গুলি করে নামিয়েছে। এই আক্রমণাত্মক ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল। আমেরিকার বাহিনী পরে গোরুক এবং কেশম আইল্যান্ডে ইরানের উপকূলীয় সারভেল্যান্স রেডার সাইটে হামলা চালায়, যাতে আরও হামলা প্রতিরোধ করা যায়। আমেরিকার বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এবং ইরানের কোনওপ্রকার অন্যায় আগ্রাসনের বিরুদ্ধেই আত্মরক্ষার জন্য প্রস্তুত আমরা ৷’’
আমেরিকা এবং ইরান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে, যা পশ্চিম এশিয়া জুড়ে কয়েক সপ্তাহের সংঘর্ষ থামানোর জন্য ঠিক হয়েছিল। কিন্তু অশান্তি যে কোনওভাবেই থামছে না, তা নিয়ে চিন্তিত গোটা বিশ্বই ৷
এদিকে ডোনাল্ড ট্রাম্পের ভর্ৎসনা গায়ে মাখলেন না বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন-কথোপকথন সম্পর্কে ইজরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘মাঝেমধ্যে আমাদের মধ্যে মতপার্থক্য হয়। কিন্তু তা নির্দিষ্ট কোনও নীতিগত বিষয়কে কেন্দ্র করে। আমাদের মধ্যে সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।’’
Kolkata,West Bengal
