স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরেই সেতুর অবস্থা খারাপ হতে শুরু করেছিল। কিন্তু সময়মতো সংস্কারের উদ্যোগ নেওয়া হলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। বাসিন্দা সামসুল হক ও শেখ সাইদুল আলম বলেন, মাত্র ২৫ বছরের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সেতুর এমন বেহাল দশা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের দাবি, সেতুর পিলারের কাছে ভাঙন ধরার ফলে কাঠামোগত ভারসাম্য নষ্ট হয়েছে এবং যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন। নিগন চটির বাসিন্দা অমর সাহার কথায়, এই সেতু ক্ষতিগ্রস্ত হলে কাটোয়া ও বর্ধমানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
