EPF কী
এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (EPF) হল একটি অবসরকালীন সঞ্চয় প্রকল্প, যা মূলত সংগঠিত খাতে কর্মরত বেতনভোগী কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে। এটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্পের অধীনে, কর্মচারীরা তাঁদের মূল বেতন এবং মহার্ঘ ভাতার (DA) ১২% তাঁদের EPF অ্যাকাউন্টে জমা করেন। নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা দেন, যদিও তার একটি অংশ পেনশন তহবিলে জমা হয়। EPF অ্যাকাউন্টের সুদের হার প্রতি বছর ঘোষণা করা হয়। বর্তমানে, ইপিএফ-এ বার্ষিক ৮.২৫% হারে সুদ পাওয়া যায়। এই স্কিমটি কর্মচারীদের সময়ের সঙ্গে সঙ্গে একটি উল্লেখযোগ্য অবসরকালীন তহবিল তৈরি করতে সাহায্য করে। তবে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আংশিক টাকা তোলার (শিক্ষা, বিবাহ বা বাড়ি কেনার জন্য) অনুমতি রয়েছে।
