Last Updated:
ফলতায় প্রচারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন জাহাঙ্গির খান৷ কিন্তু গেরুয়া ঝড়ে তৃণমূলের জামানত জব্দ হতে পারে, এমন সম্ভাবনার কথা হয়তো অনেকেই ভাবতে পারেননি৷
রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতাতেই সব থেকে বড় জয় পেয়েছে বিজেপি৷ ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা৷ রাজ্যে পালাবদলের পর হওয়া প্রথম ভোটে তৃণমূলকে চার নম্বরে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভোট শতাংশের নিরিখেও ফলতায় বিজেপি-র ধারেকাছে নেই বিরোধীরা৷
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ফলতায় ৭১.২ শতাংশ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা৷ তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪৯ হাজার ৪২১৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ১৯.৩৪ শতাংশ ভোট৷ তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৪০,৬২৫৷
ফলতায় তৃতীয় স্থানে শেষ করেছে কংগ্রেস৷ ৪.৮ শতাংশ ভোট পেয়েছেন ১০০৭৯টি ভোট পাওয়া কংগ্রেস প্রার্থী৷ আর চতুর্থ স্থানে থাকা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান পেয়েছেন মাত্র ৩.৭ শতাংশ ভোট৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৭৮৩৷ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে অনেক আসনেই সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হয়েছিল৷ কিন্তু রাজ্যে পালাবদলের পর প্রথম ভোটে ফলতায় জামানত হারিয়েছেন তৃণমূল প্রার্থীও৷
রেকর্ড গড়েই ফলতায় জয় পেল বিজেপি৷ গত ৪ মে পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনের যে ফল প্রকাশিত হয়েছিল, তার মধ্যে বিজেপি-র সর্বোচ্চ জয়ের ব্যবধান ছিল উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি আসনে৷ ওই কেন্দ্র থেকে ১ লক্ষ ৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ৷ রবিবার সেই ব্যবধানকেও ছাপিয়ে ফলতায় ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা৷
ফলতার ভোট নিঃসন্দেহে রাজ্যে পালাবদলের পর বঙ্গ রাজনীতিতে নতুন পটভূমি তৈরির ইঙ্গিত দিচ্ছে৷ ফলতার ভোটের ফল যদি কোনও ইঙ্গিত হয় তাহলে গেরুয়া ঝড় সত্ত্বেও নিঃসন্দেহে নতুন আশায় বুক বাঁধতে পারেন বাম এবং কংগ্রেস সমর্থকরা৷ একই সঙ্গে দলের সংগঠন টিকিয়ে রাখা নিয়ে চিন্তা বাড়ল তৃণমূলের৷
Kolkata,West Bengal
