সূত্রের খবর, বুধবার সেক্টর ৬৬-এর অন্তর্গত ফেজ-৩ থানার আওতাধীন মামুরা গ্রামে ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারি চার্জ করার সময় শর্ট সার্কিট থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়। সেই আগুন প্রথমে নীচের তলায় পার্কিংয়ে থাকা গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত পুরো ভবনে আগুন এবং ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, জি+৪ বহুতলটি পেয়িং গেস্ট (PG) হিসেবে ব্যবহৃত হত এবং সেখানে প্রায় ৫০টি পরিবার বসবাস। ধোঁয়ায় উপরের তলাগুলি ভরে যাওয়ায় বহু বাসিন্দা আটকে পড়েন।
খবর পেয়ে দমকলের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সাতটি দমকলের ইঞ্জিন, হাইড্রোলিক প্ল্যাটফর্ম এবং বিশেষ উদ্ধারকারী যান মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আটকে পড়া সমস্ত বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
গৌতম বুদ্ধ নগর পুলিশের যুগ্ম কমিশনার রাজীব নারায়ণ জানান, ভবনটির নিচতলায় গাড়ি রাখার ব্যবস্থা ছিল। সেখান থেকেই ধোঁয়া দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “ফেজ-৩ থানার অধীন মামুরা গ্রামে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় ৫০টি পরিবারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় দুই জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মৃত্যু হয়।”
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত। পরে সেই আগুন পাশে থাকা পেট্রোলচালিত গাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এই ঘটনায় ফেজ-৩ থানায় প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ভবনের মালিক এবং লিজগ্রহীতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগুন লাগার পিছনে গাফিলতি বা অগ্নি-নিরাপত্তা বিধি লঙ্ঘনের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভবনের প্রতিটি তলায় প্রায় পাঁচটি পরিবার থাকত এবং মোট ১২টি দুই-কামরার ফ্ল্যাট ছিল। উদ্ধারকারী দল নিশ্চিত করে যে, ভবনের প্রত্যেক বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়েছে।
এদিকে, ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ তদারকির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।