Last Updated:
ঋতব্রতপন্থী তৃণমূল এ বার একুশে জুলাইয়ের সমাবেশ আয়োজনের জন্য পুলিশের কাছে অনুমতি চাইবে বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর৷
শনিবার বিকেলে তপসিয়ায় কলকাতা পুরসভায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির৷ সেই বৈঠকে দেবাশিস কুমার, তারক সিং-এর মতো কলকাতা পুরসভায় তৃণমূলের সিনিয়র কাউন্সিলররা উপস্থিত থাকলেও দেখা মিলল না প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের৷ অথচ ফিরহাদ হাকিম বেশ কিছু দিন আগেই বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন৷
তারাতলা কাণ্ডে নাম জড়ানোর পরই কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বিদ্রোহী শিবিরের বৈঠকে ফিরহাদ হাকিমের অনুপস্থিতি নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ কারণ ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে কালীঘাটপন্থী তৃণমূলও৷ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এ দিন সকালেই বিকেল ৫টার মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন৷ বিকেল ৫টায় বিদ্রোহী শিবিরের বৈঠক শুরুর আগেই ফিরহাদকে গ্রেফতার করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে দাবি করেন কুণাল ঘোষ৷
বেলেঘাটার তৃণমূল বিধায়ক বলেন, ফিরহাদ হাকিম যদি কাউন্সিলরদের নিয়ে আজ বিকেলে ঋতব্রত বন্দোপাধ্যায়ের মিটিংয়ে যান। তাহলে প্রমাণিত হবে মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেখানো কাগজ আসলে চাপ তৈরি করা। আর যদি বিকেল ৫ টার আগে ফিরহাদ হাকিমকে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বুঝব শুভেন্দু অধিকারী হৃদয় থেকে, গরিব মানুষের জন্যে কথা বলছেন। অবিলম্বে বিকেল ৫ টার আগে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা উচিত। নাহলে বুঝতে হবে ন্যায়বিচারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথার সম্পর্ক নেই। বক্তব্যের বিশ্বাসযোগ্যতা রাখতে গ্রেফতার করতে হবে।
ঋতব্রত শিবির অবশ্য ফিরহাদ হাকিমের পাশেই দাঁড়িয়েছে৷ এ দিন বিদ্রোহী শিবিরের অন্যতম নেতা আখরুজ্জামান বৈঠক শেষে বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ করলেই হল না। তার জন্য প্রমাণ থাকতে হয়৷’
এর আগে বৈঠক করে জাতীয় কর্মসমিতি গঠন করেছিল ঋতব্রতপন্থী তৃণমূল৷ ফিরহাদ হাকিমকে সহ সভাপতির পদ দেওয়া হয়েছিল৷ বিধানসভাতেও বিদ্রোহী শিবিরের বিধায়কদের প্রশিক্ষণও দিয়েছেন ফিরহাদ৷
সূত্রের খবর, এ দিনের বৈঠকে কলকাতা পুরসভায় তৃণমূলের ৫০ জনেরও বেশি প্রাক্তন কাউন্সিলর যোগ দিয়েছিলেন৷ বৈঠকের শুরুতেই বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ সন্দীপন সাহা বলেন, আমরাই আসল তৃণমূল, আমরা আছি, আমরাই থাকব৷ আমাদের উপরে আপনারা ভরসা রাখুন৷
Kolkata,West Bengal
