Last Updated:
Fuel Crisis: জ্বালানি বাঁচাতে অভিনব পদক্ষেপ পুরলিয়া জেলা প্রশাসনের। দুর্গাপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিতে নীলবাতি লাগানো বাসে চেপে গন্তব্যে রওনা দিলেন জেলাশাসক। সঙ্গে ছিলেন জেলার অন্য শীর্ষ আধিকারিকরাও। এই পদক্ষেপের পর চর্চা শুরু হয়েছে জেলায়।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সরকারি আড়ম্বর ও নীল বাতির গাড়ি ছেড়ে সাধারণ বাসে করেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গেলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্তম সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে তাঁদের এই যাত্রা ঘিরে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতেই বাসে করে রওনা দেন জেলাশাসক ও অন্যান্য আধিকারিকেরা।
এই বৈঠকে জঙ্গলমহলের চার জেলার বিধায়করাও উপস্থিত থাকছেন। সরকারি ব্যয় সাশ্রয় এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সংযোগ বজায় রাখার বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সাধারণত প্রশাসনিক কর্তাদের যাতায়াত মানেই সরকারি গাড়ির দীর্ঘ কনভয় ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। কিন্তু এইদিন সেই চেনা ছবির বদলে দেখা গেল একেবারে অন্য দৃশ্য। স্বাভাবিকভাবেই এই ঘটনা সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।
প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজের অগ্রগতি এবং সরকারি পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে কেন্দ্র করেই জেলা প্রশাসনের এই সম্মিলিত সফর। অনেকের মতে, এই পদক্ষেপ সরকারি কাজের ক্ষেত্রে সরলতা ও ব্যয় সংযমের একটি ইতিবাচক বার্তা বহন করছে। সরকারি প্রটোকল ও নীল বাতির গাড়ির বদলে সাধারণ বাসে করেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার এই বিরল দৃশ্য রীতিমতো চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Fuel Crisis: বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে পুরুলিয়ার জেলাশাসক, সহযাত্রী অন্য শীর্ষ কর্তারা! জ্বালানি বাঁচাতে নজিরবিহীন পদক্ষেপ