Last Updated:
গত ২২ মে ওই তরুণীর মা মানেসর থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেন৷ অভিযোগপত্রে তিনি জানান, অঙ্কিত নামে এক যুূবকের সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি৷
পুণের কেতন আগরওয়ালের হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হরিয়ানার গুরুগ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্কের নৃশংস পরিণতির শিকার হলেন এক গৃহবধূ৷
জানা গিয়েছে, মাত্র তিন মাস আগেই ওই তরুণীর বিয়ে হয়েছিল৷ অভিযোগ, ওই তরুণীকে নিজের প্রেমিকার বাড়িতে নিয়ে গিয়ে গুলি করে খুন করে তাঁর স্বামী৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিজের প্রেমিকার সঙ্গে পরিকল্পনা করেই স্ত্রীকে খুন করেছে ২৫ বছর বয়সি অভিযুক্ত যুবক৷ নিজের প্রেমিকার ভাড়া বাড়িতেই এই খুন করা হয়৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে মৃতার স্বামীর সম্পর্ক ছিল৷
তরুণীর বাপের বাড়ি সূত্রে খবর, ২১ মে থেকেই নিখোঁজ হয়ে যান তিনি৷ তরুণীর সন্ধানে নিজেদের আত্মীয়স্বজনকে ফোন করে তরুণী পরিবার৷ কিন্তু কোনও জায়গা থেকেই তরুণীর খোঁজ পায়নি তাঁর পরিবার৷ শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তরুণীর মা৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তরুণীর খোঁজ শুরু করে পুলিশ৷
অভিযোগ দায়েরের পরই গত ২২ মে মানেসরের একটি ঘর থেকে নিখোঁজ তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ খুনের মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ৷ তরুণীকে খুনের অভিযোগে তাঁর স্বামী ২৫ বছরের অঙ্কিত এবং তার বান্ধবী ৩৮ বছরের রজনী দেবীকে হরিয়ানার ঝাঝর জেলা থেকে গ্রেফতার করে পুলিশ৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মানেসরে অঙ্কিতের একটি তামাকের দোকান রয়েছে৷ অন্যদিকে ওই এলাকাতেই একটি বিউটি পার্লারে কাজ করতেন রজনী দেবী৷
পুলিশ জানতে পেরেছে, তিন বছর ধরে রজনীদেবীর সঙ্গে সম্পর্ক ছিল অঙ্কিতের৷ দু জন মিলেই ওই তরুণীকে খুনের ছক কষে৷ সেই মতো অঙ্কিত তার স্ত্রীকে নিয়ে প্রেমিকার ভাড়া বাড়িতে যায়৷ সেখানেই দু জনকে একসঙ্গে গুলি করে ওই তরুণীকে খুন করে৷
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, ওই তরুণীকে খুন করার উদ্দেশ্যেই দুু মাস আগে উত্তর প্রদেশ থেকে একটি আগ্নেয়াস্ত্র কেনে অঙ্কিত এবং রজনী৷ পুলিশ জানতে পেরেছে, স্ত্রীকে খুনের পর প্রেমিকাকে নিয়ে প্রথমে হরিদ্বার এবং তার পর নেপালে পালিয়ে গিয়েছিল অঙ্কিত৷ গত ৩০ জুন পর্যন্ত পালিয়ে বেড়ানোর পর ভারতে ফেরে তারা৷ এর পরই দু জনকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷
দু জনকে গ্রেফতার করার পর আদালতে পেশ করে ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ৷ অঙ্কিত এবং রজনীকে জেরা করে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করার চেষ্টা করছে পুিলশ৷ পাশাপাশি খুনের ঘটনায় আরও তথ্যপ্রমাণ জোগাড়েরও চেষ্টা করছেন তদন্তকারীরা৷
Kolkata,West Bengal
