Last Updated:
High Profit Farming: বর্ষার মরশুমে ভাগ্য বদলাতে চলেছে মালদহের চাষিদের! কেমিক্যাল মুক্ত অর্গানিক সবজি ফলিয়ে সোজাসুজি শহরের বাজারে ও অনলাইনে বিক্রির দুর্দান্ত ছক কষেছে জেলা প্রশাসন। গাজোলের ১০০ হেক্টর জমিতে আধুনিক প্রযুক্তিতে বিষমুক্ত সবজি ফলিয়ে ৩ কোটি ২৫ লক্ষ টাকার রিটার্ন তোলার রোমাঞ্চকর মিশন এবার গ্রাউন্ড জিরোতে।
মালদহ, জিয়াম মোমিন: বর্ষার মরশুমে জৈবিক ও আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রসার ঘটিয়ে কৃষকদের উৎপাদন ও আয় বাড়ানোর লক্ষ্যে বড় উদ্যোগ নিল মালদহ জেলা প্রশাসন। গাজোল ব্লকের ১০টি গ্রাম ও প্রায় ২৫০ জন কৃষককে নিয়ে গঠন করা হল ‘রেইনি সিজন ভেজিটেবল ক্লাস্টার’। এই প্রকল্পের আওতায় প্রায় ১০০ হেক্টর জমিতে মরশুমি সবজি চাষ হবে এবং প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকার ফার্ম-গেট মূল্য অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে। মালদহ জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক রাজনবীর সিং কাপুর এই ক্লাস্টারের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে আদিনা, চন্দনদিঘী, ফুলবাড়ি, হরিয়াগুড়ি-সহ ১০টি গ্রাম এই প্রকল্পে যুক্ত হয়েছে। মালদহ জেলা অর্থ কর্পোরেশনের ব্যবস্থাপক অঞ্জন চৌধুরী জানান, “কৃষকদের উৎপাদিত জৈবিক সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে শহরে বিপণন স্টল, মোবাইল ভ্যান এবং অনলাইন বিপণনের ব্যবস্থা করা হবে। এতে কৃষকরা সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন।”
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “ক্লাস্টারের অধীনস্থ কৃষকদের বর্ষাকালীন লতাজাতীয় সবজি জৈবিক পদ্ধতিতে চাষ, জমি নির্বাচন এবং উন্নত বিপণন সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। করলা, লাউ, চিচিঙ্গা, শসা, চালকুমড়া ও পটল-সহ বিভিন্ন চাষ উঁচু জায়গার ক্ষেত্রে বর্ষা উপযোগী। জৈব উপাদান, ফেরোমন ট্র্যাপ ও স্টিকি ট্র্যাপের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে চাষের খরচ কমবে।”
Maldah,West Bengal