Last Updated:
হুমায়ুনের দাবি তিনি নিজে রেজিনগর এবং নওদা, দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হবেন৷
ভোট মিটতেই সুর বদল হুমায়ুন কবীরের৷ আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের দাবি, বাংলায় ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হতে চলেছে৷ সরকার গঠনের চাবিকাঠিও তাঁর দলের হাতেই থাকবে বলেও দাবি করেছেন হুমায়ুন কবীর৷
তবে হুমায়ুন এ দিন স্পষ্ট জানিয়েছেন, কোনও অবস্থাতেই বিজেপি-কে সরকার গঠনে সাহায্য করবেন না তিনি৷ তবে সম্মানজনক শর্তে তৃণমূলকে তিনি সমর্থনে রাজি বলে জানিয়ে দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা৷ ফলে ভোট মিটতেই প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন শাসক দলের সঙ্গে সংঘাত মেটানোর পথ খোলার চেষ্টা শুরু করলেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷
এ দিন বহরমপুরে হুমায়ুন বলেন, ‘কোনওমতেই কোনও দল সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি থাকবে না৷ ত্রিশঙ্কু বিধানসভা হবে৷ সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে আম জনতা উন্নয়ন পার্টি৷’
হুমায়ুন কবীরের দাবি, কংগ্রেস-সিপিএম-আইএসএফ মিলিয়ে ১৫-র বেশি আসন পাবে না৷ সেখানে তাঁর দল তিরিশটির কাছাকাছি আসন পেতে পারে বলে আশাবাদী হুমায়ুন৷ মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় আম জনতা উন্নয়ন পার্টির দাপটেই তৃণমূলের আসন সংখ্যা কমবে বলেও দাবি হুমায়ুনের৷
হুমায়ুনের দাবি, ‘আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে যে অসম্মান তৃণমূল করেছে, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দিয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুশোচনায় ভুগতে হবে৷ সরকার গঠনের জন্য হুমায়ুন কবীরের কাছেই সাহায্য চাইতে হবে৷’
তৃণমূলের প্রতি বার্তা দিয়ে হুমায়ুন বলেন, ‘আমি বিজেপি-কে কোনওমতেই সমর্থন করব না৷ আমাকে বলেছিল বিজেপি-র বি টিম৷ কে এ টিম, কে বি টিম সেটা আগামী দিনে প্রমাণিত হবে৷ আবার একটা নির্বাচন হোক কখনওই চাইব না৷ ত্রিশঙ্কু বিধানসভা থাকলে দর কষাকষি হবে৷ তখন যদি সম্মানজনক পরিস্থিতিতে তৃণমূলকে সমর্থন করা সম্ভব হয়, করব৷ কিন্তু কোনওমতেই কেউ একক ভাবে ১৪৮-এ পৌঁছতে পারবে না৷’
রাজ্যে ভোট ঘোষণার পর পরই হুমায়ুনকে নিয়ে একটি গোপন ভিডিও ফাঁস করেছিল তৃণমূল৷ সেই ভিডিও-তে বিজেপি-কে সাহায্যের বিনিময়ে দর কষাকষি করতে শোনা গিয়েছিল হুমায়ুন কবীরকে৷ যদিও হুমায়ুন প্রথমে দাবি করেন, ওই ভিডিওটি এআই দিয়ে তৈরি৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারও দিয়েছিলেন তিনি৷ পরে অবশ্য হুমায়ুন আসল ভিডিও প্রকাশের দাবিও করেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য এর কোনওটাই করেননি তিনি৷
Kolkata,West Bengal
