Last Updated:
বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশে হাইড্রোজেন ট্রেন চালু হয়েছে৷ সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতও৷ হাইড্রোজেন ট্রেনের ভাড়াও আমজনতার একেবারে সাধ্যের মধ্যেই৷
মাত্র কয়েকদিন আগেই দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন হয়েছে৷ হরিয়ানার জিন্দ এবং সোনিপথের মধ্যে যাতায়াত করবে এই হাইড্রোজেন ট্রেন৷ পরিবেশবান্ধব রেল পরিষেবার ক্ষেত্রে এই ট্রেন চালু করাকে এক যুগান্তকারী পদক্ষেপ বলে দাবি করেছে ভারতীয় রেল৷
ইতিমধ্যেই যাত্রী পরিষেবা শুরু করে দিয়েছে হাইড্রোজেন ট্রেন৷ কিন্তু ট্রেন পরিষেবা চালু হওয়ার পরই সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে৷ সেই ভিডিও-তে দেখা যায় যে একটি ডিজেল ইঞ্জিন দিয়ে নতুন হাইড্রোজেন ট্রেনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেই ভিডিও-র সঙ্গে সুপার ইমপোজ করা লেখা বসিয়ে দাবি করা হয়, পরিষেবার দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল হাইড্রোজেন ট্রেন৷
এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিবৃতি দিয়েছে উত্তর রেল৷ সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, হাইড্রোজেন ট্রেনে কোনওরকম সমস্যাই দেখা দেয়নি৷ ট্রেনটিকে রুটিন নিয়ম মেনেই ডিজেল ইঞ্জিন দিয়ে রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ এই ভিডিও-কে বিভ্রান্তিকর বলেও দাবি করেছে উত্তর রেল৷
রেলের আধিকারিকরা জানিয়েছেন, হাইড্রোজেন ট্রেনে কোনও ধরনের যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়নি৷ এই মুহূর্তে শুধুমাত্র জিন্দ এবং সোনিপথের মধ্যেই ৮৯ কিলোমিটার রুটে যাতায়াত করে হাইড্রোজেন ট্রেনটি৷ জিন্দ থেকে সোনিপথে গিয়ে ফের জিন্দে ফিরে আসে ট্রেনটি৷ কিন্তু জিন্দ-এ যে জায়গায় ট্রেনটির রক্ষণাবেক্ষণ করা হয়, সেখান থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনার জন্য ডিজেল লোকোমোটিভই ব্যবহার করতে হয়৷ সেই ভিডিও তুলেই সমাজমাধ্যমে ভুল তথ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল৷
১০ কামরার এই ট্রেনটিতে ২৬০০ যাত্রী যাতায়াত করতে পারবেন৷ প্রতিদিনই এই ট্রেনটি যাত্রী পরিষেবা দেবে৷ ঝিন্দ থেকে সোনিপথের মধ্যে ৯০ কিলোমিটার পথ দু ঘণ্টায় অতিক্রম করবে এই নতুন ট্রেন৷ এই রুটে হাইড্রোজেন ট্রেনের অনুমোদিত গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার৷ যদিও ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে এই ট্রেন৷
Kolkata,West Bengal
