Last Updated:
IIT Kharagpur: আধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলার প্রাচীন ঐতিহ্য ও লোকসংস্কৃতির মেলবন্ধন ঘটাতে বড় পদক্ষেপ আইআইটি খড়গপুরের। প্রযুক্তি, শিল্প-ঐতিহ্য এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তুলতে আইআইটি খড়গপুর এবং বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থ ‘মউ’ স্বাক্ষ করেছে। লোকশিল্প বাঁচিয়ে রাখতে এআই-এর সাহায্য নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আইআইটি খড়গপুরে একের পর এক যুগান্তরকারী পদক্ষেপ। আধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির এক যুগান্তকারী মেলবন্ধন ঘটতে চলেছে। প্রযুক্তি, সংস্কৃতি, শিল্প-ঐতিহ্য এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তুলতে এবার একটি বিশেষ সমঝোতাপত্র বা মউ (MoU) স্বাক্ষর করল আইআইটি খড়গপুর এবং স্বেচ্ছাসেবী সংস্থা কন্ট্যাক্ট বেস, যা জনমানসে ‘বাংলা নাটক ডট কম’ নামেই সমধিক পরিচিত। এবার প্রযুক্তিতে উন্নতির পাশাপাশি ভারতীয় সংস্কৃতির সঙ্গে দক্ষ হবে পড়ুয়ারা।
সম্প্রতি আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী এবং ‘বাংলা নাটক ডট কম’-এর প্রতিষ্ঠাতা-অধিকর্তা অমিতাভ ভট্টাচার্যের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ‘অ্যাকাডেমি অফ ক্লাসিকাল অ্যান্ড ফোক আর্টস’-এর ভারপ্রাপ্ত অধ্যাপক তথা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন আনন্দরূপ ভট্টাচার্য। জানা গিয়েছে, মূলত এসিএফএ-এর উদ্যোগেই এই অভিনব যৌথ প্রয়াসটি বাস্তবায়িত হতে চলেছে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্যগুলি অত্যন্ত সুদূরপ্রসারী।
সংস্কৃতির মানচিত্র বা কালচারাল ম্যাপিং তৈরি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ এবং সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সাহায্যে আবহমান কালের স্পর্শাতীত লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে সযত্নে বাঁচিয়ে রাখার কাজ করা হবে। এর পাশাপাশি, সৃজনশীল শিল্পোদ্যোগ গড়ে তোলা, হাতে-কলমে শিক্ষা প্রদান এবং আন্তর্জাতিক স্তরে সাংস্কৃতিক আদানপ্রদানের প্রসার ঘটানোও এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। আইআইটি খড়গপুরের বিশ্বমানের প্রযুক্তিগত দক্ষতা ও গবেষণার সঙ্গে তৃণমূল স্তরে প্রান্তিক শিল্পী ও কারিগরদের নিয়ে কাজ করার ক্ষেত্রে ‘বাংলা নাটক ডট কম’-এর দীর্ঘ অভিজ্ঞতার মিশেলে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে আইআইটি খড়গপুরে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছিল প্ল্যাটিনাম জুবিলি আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ‘সুর জাহান ২০২৬’। দুই সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সেই উৎসবের অভাবনীয় সাফল্যের ওপর ভিত্তি করেই বৃহত্তর পরিসরে এই নতুন অংশীদারিত্বের পথ চলা শুরু হল। প্রাচীন ঐতিহ্যকে অবিকৃতভাবে সংরক্ষণ করা, তৃণমূল স্তরের শিল্পী সম্প্রদায়কে স্বনির্ভর ও ক্ষমতায়িত করা এবং আগামী ভবিষ্যতের জন্য প্রযুক্তির অভিনব প্রয়োগ ঘটানোই হল এই যুগান্তকারী উদ্যোগের মূল মন্ত্র।
Paschim Medinipur,West Bengal
