Last Updated:
Waterlogged Primary School: ক্লাসরুমে বৃষ্টির জল, টেবিলে পা তুলে পড়াশোনা। খাতড়ার প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। নিম্নচাপের টানা বৃষ্টিতে বাঁকুড়ার কংসাবতী কলোনি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও বেহাল দশা প্রকাশ্যে এসেছে। বিদ্যালয়টির নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই চারপাশ পুকুরের আকার ধারণ করে। ক্লাসরুমের ভেতরে বৃষ্টির জল ঢুকে যায়। শিক্ষিকাকেও জলমগ্ন ক্লাসরুমেই ক্লাস নিতে হয়।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: নিম্নচাপের জেরে টানা বর্ষণ, আর সেই বৃষ্টিতেই সামনে এল এক প্রাথমিক বিদ্যালয়ের চরম বেহাল ছবি। খাতড়া ব্লকের গোড়াবাড়ি কংসাবতী কলোনি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ভিতরেই ঢুকে পড়ল বৃষ্টির জল। বাধ্য হয়ে টেবিলের উপর পা তুলে বসে পড়াশোনা করতে দেখা গেল ছোট ছোট পড়ুয়াদের। সেই অবস্থাতেই ক্লাস নিলেন শিক্ষিকাও। শুধু শ্রেণিকক্ষ নয়, বিদ্যালয়ের সামনেও জমেছে হাঁটুসমান জল।
সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বিদ্যালয়ে ঢোকার রাস্তা বৃষ্টি হলেই কার্যত পুকুরের চেহারা নিয়ে নেয়। বিদ্যালয় থেকে বেরোলেই সামনে জল জমে থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া ও শিক্ষকদের। ১৯৮৪ সালে তৈরি অ্যাসবেস্টসের ছাউনিযুক্ত এই ভবন এখন কার্যত জরাজীর্ণ। ছাউনির একাধিক জায়গা ভেঙে গিয়েছে, দেওয়ালে ফাটল, নিচু জানালা দিয়ে বৃষ্টির জল সহজেই শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। বিদ্যালয়ে বর্তমানে ৩৬ জন পড়ুয়া এবং দু’জন শিক্ষক রয়েছেন।
সমস্যার শেষ এখানেই নয়। বিদ্যালয়ে নেই শৌচাগার, নেই নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। নলকূপের জলে অতিরিক্ত আয়রন, আর পাইপলাইনের জলও আসে না। মিড-ডে মিলের রান্নাঘরেও বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে। ফলে রান্না করাও হয়ে ওঠে অত্যন্ত কঠিন। অন্যদিকে গ্রীষ্মকালে অ্যাসবেস্টসের ছাউনির কারণে অসহনীয় গরমে পড়ুয়াদের ক্লাস করা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। অভিভাবকদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই একই ছবি দেখা যায়।
ভাঙা ভবনে সাপ খোপ ঢোকার আশঙ্কাও থাকে। বিদ্যুতের সংযোগ থাকায় শর্ট সার্কিটের ভয়ও রয়েছে। তাদের দাবি, পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে অবিলম্বে নতুন পাকা বিদ্যালয় ভবন তৈরি করা হোক। বিদ্যালয়ের সহ-শিক্ষিকা মুনমুন পাত্র জানান, প্রশাসনের বিভিন্ন দফতরে একাধিকবার আবেদন করা হলেও এখনও কোনও স্থায়ী সমাধান মেলেনি। বৃষ্টির দিনে শিশুদের কোথায় বসাবেন, কোথায় মিড-ডে মিল খাওয়াবেন তা নিয়েই প্রতিদিন লড়াই করতে হচ্ছে।
Bankura,Bankura,West Bengal