Last Updated:
Indian Air Force: সাধারণ কৃষক পরিবারে জন্ম। পড়াশোনার পাশাপাশি মাঠে লাঙলও ধরেছেন। সেই যুবক আজ ভারতীয় বায়ু সেনার ফ্লাইং অফিসার। ছেলের সাফল্যে চোখের জল ধরে রাখতে পারেননি বাবা। কোচবিহারের দেবাশিস রায় এখন গোটা গ্রামের গর্ব। এই সাফল্যের পিছনে সব সময় সহযোগিতা করেছেন তাঁর স্ত্রী।
মাঠে দিনরাত চাষবাস করেই কেটেছে বিক্রমবাবুর জীবন। ছেলেকে নিয়ে তাঁর স্বপ্ন ছিল বড়জোর সেনাবাহিনীর একটা সাধারণ চাকরি। তবে নীল আকাশের সীমানা ছোঁয়ার স্বপ্ন তাঁর ছিল না। তিনি জানিয়েছেন, তল্লিগুড়ি হাইস্কুলের ফার্স্ট বয় পড়াশোনার পাশাপাশি জমিতে তাঁর সঙ্গে কোদালও ধরেছে। শিলিগুড়ি কলেজে ভূগোল নিয়ে পড়ার পর দেবাশিস প্রথমে বায়ুসেনায় যোগ দেন একজন সাধারণ ‘এয়ারম্যান’ হিসেবে।
পুরো গ্রামেই এই প্রথম কেউ বায়ুসেনার পাইলট হলেন। হায়দরাবাদের অ্যাকাডেমি থেকে এবার একসঙ্গে পাশ করেছেন ২০০ জন ক্যাডেট। তাঁদের মধ্যে নিজেদের গ্রামের এই ছেলেকে নিয়ে এখন উৎসবের মেজাজ তল্লিগুড়িতে। আপাতত তল্লিগুড়ির এই আকাশছোঁয়া হিরো কখন ছুটিতে বাড়ি ফিরবেন, সেই অপেক্ষাতেই চাতক পাখির মতো বসে আছে গোটা গ্রাম।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Jun 16, 2026 10:19 AM IST
