Last Updated:
Indian Air Force Chopper Crash: লাদাখ সেক্টরে ভারতীয় সেনার একটি চিতা লাইট হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার সেনা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন দুই পাইলট এবং ডিভিশন কমান্ডার মেজর জেনারেল সচিন মেহতা।
নয়াদিল্লি: লাদাখ সেক্টরে ভারতীয় সেনার একটি চিতা লাইট হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার সেনা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন দুই পাইলট এবং ডিভিশন কমান্ডার মেজর জেনারেল সচিন মেহতা।
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আহত তিনজনই বর্তমানে নিরাপদ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্চ পার্বত্য এলাকায় অভিযানের কাজে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে চিতা হেলিকপ্টার। লাদাখে অপারেশনের সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, দুর্ঘটনার পর মেজর জেনারেল সচিন মেহতার একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কী ভাবে এই ঘটনাটি ঘটল জানতে তদন্ত শুরু করা হয়েছে।
এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠেছে ভারতীয় সেনার বহু পুরনো চিতা হেলিকপ্টার বহরের নিরাপত্তা নিয়ে। ১৯৭০-এর দশক থেকে পরিষেবায় থাকা এই হেলিকপ্টারগুলি ১৯৮৪ সালে সিয়াচেনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অপারেশন মেঘদূতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তবে গত কয়েক দশকে একাধিক দুর্ঘটনায় বহু পাইলটের প্রাণও গিয়েছে। তাই বহু বার পরীক্ষিত হওয়া স্বত্ত্বেও এর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে।
বর্তমানে ধাপে ধাপে চিতা বহর সরিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর লাইট ইউটিলিটি হেলিকপ্টার (LUH) অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভারতীয় সেনা ইতিমধ্যেই সীমিত উৎপাদনের ছ’টি LUH-এর বরাত দিয়েছে বলে জানা গিয়েছে। এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২০ কিলোমিটার, সার্ভিস সিলিং ৬.৫ কিলোমিটার এবং অপারেশনাল রেঞ্জ ৩৫০ কিলোমিটার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
