Last Updated:
Indian Railways: রেলের কাজের অগ্রগতি এবং পরিকাঠামো পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব৷ তেজপুরের পুরনো রেলওয়ে স্টেশনটিও পরিদর্শন করলেন তিনি৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এই অঞ্চলে চলমান পরিকাঠামো উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং রেলওয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ প্রকল্পগুলির বিষয়ে মূল্যায়ণ করার লক্ষ্যে রাঙাপাড়া নর্থ এবং ডেকারগাঁও রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। তিনি তেজপুরের পুরনো রেলওয়ে স্টেশনটিও পরিদর্শন করেন, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং সেখানকার স্টেশন ভবন ও অন্যান্য পরিকাঠামোর অবস্থা পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে, জেনারেল ম্যানেজার ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে চলমান রাঙাপাড়া নর্থ রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের কাজ পরিদর্শন করেন। স্টেশনটি প্রায় ৫৫ কোটি টাকারও অধিক ব্যয়ে আপগ্রেড করা হচ্ছে, যেখানে যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত পরিকাঠামো রয়েছে। পুনর্বিকাশ কাজের প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজগুলি সমাপ্তির পথে দ্রুতভাবে এগিয়ে চলেছে।
জেনারেল ম্যানেজার ডেকারগাঁও স্টেশন ও ইয়ার্ড পরিদর্শন করেন এবং আগিয়াঠুরি-ডেকারগাঁও ও তেজপুর-শিলঘাট রুটে প্রস্তাবিত নতুন রেলওয়ে লাইন প্রকল্পগুলির বর্তমান স্থিতি পর্যালোচনা করেন। এই দুটি প্রস্তাবিত রেলওয়ে প্রকল্প, যার মধ্যে দরং জেলা হয়ে আগিয়াঠুরি থেকে ডেকারগাঁও পর্যন্ত লাইন এবং ব্রহ্মপুত্র নদের ওপর নতুন ব্রিজ-সহ তেজপুর থেকে শিলঘাট পর্যন্ত রেল লাইন রয়েছে৷
জরিপের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রকল্পগুলি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের পর্যালোচনার অধীনে রয়েছে। এই প্রস্তাবিত রেল সংযোগ প্রকল্পগুলি পরিবহন পরিকাঠামোকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শন কার্যসূচির অংশ হিসেবে, রেলওয়ের পরিকাঠামোর অবস্থা যাচাই এবং এই রুটের পরিচালনগত দিকগুলি পর্যবেক্ষণ করার লক্ষ্যে শ্রী শ্রীবাস্তব কামাখ্যা থেকে ডেকারগাঁও পর্যন্ত ‘উইন্ডো ট্রেলিং’ পরিদর্শনও করেন। পরিদর্শনকালে তিনি রেললাইন, ব্রিজ, স্টেশন ও রেলওয়ের অন্যান্য সম্পদের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি, চলমান উন্নয়নমূলক কাজগুলির মূল্যায়ন এবং সুরক্ষা, কর্মদক্ষতা ও যাত্রীসেবার ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন থাকা ক্ষেত্রগুলিকে চিনাক্ত করেন।
Kolkata,West Bengal
