Last Updated:
Indian Ship Carrying LPG Transits Hormuz: মার্কিন নৌ অবরোধের মাঝেই একটি ভারত-সংযুক্ত এলপিজি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়েছে। ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে এই ঘটনা ভারতে জ্বালানি সরবরাহে স্বস্তি এনে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে গুরুত্বপূর্ণ সাফল্য। মার্শাল আইল্যান্ডস-নিবন্ধিত এলপিজি বহনকারী জাহাজ ‘এমটি সার্ভ শক্তি’ নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়েছে। জাহাজটিতে ছিল ৪৬,৩১৩ মেট্রিক টন এলপিজি এবং ১৮ জন ভারতীয়সহ মোট ২০ জন নাবিক।
রিপোর্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির একটি বন্দর থেকে রওনা দেওয়া এই জাহাজটি আগামী ১৩ মে বিশাখাপত্তনম বন্দরে পৌঁছবে। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মালিকানাধীন এই বিপুল পরিমাণ এলপিজি বহনকারী জাহাজটি মার্কিন নৌ অবরোধের মধ্যেও হরমুজ প্রণালী পার হওয়া প্রথম ভারত-সংযুক্ত জাহাজ বলে জানা গিয়েছে।
ইরান-আমেরিকা সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে। এর জেরে ভারতে এলপিজি সরবরাহেও চাপ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে ‘সার্ভ শক্তি’-র নিরাপদ যাত্রা দেশের জন্য স্বস্তির বার্তা বলেই মনে করা হচ্ছে।
এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত। ইরানের বন্দরগুলির চারপাশে মার্কিন নৌ অবরোধ জারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, মার্কিন নৌবাহিনী ওই অঞ্চলে “দস্যুদের মতো” আচরণ করছে। অন্যদিকে, ইরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই তারা নিজেদের জাহাজ ছাড়া অন্য জাহাজ চলাচলে কার্যত বাধা দিচ্ছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে এই সংঘাত আন্তর্জাতিক বাজারে গভীর প্রভাব ফেলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
Kolkata,West Bengal
