Last Updated:
Maharashtra Horror:অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অভিযোগ, গোয়াল ঘরে নিয়ে গিয়ে শিশুকে যৌন হেনস্থা করা হয়
মহারাষ্ট্র: মহারাষ্ট্রে চার বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে! প্রতিবাদে শয়ে শয়ে মানুষ অবরোধ করে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে। প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকে ব্যস্ততম সড়ক।
ঘটনায় অভিযুক্ত ৬৫ বছরের এক বৃদ্ধ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দোষির শাস্তির দাবিতে পুণে শহর সংলগ্ন এলাকায় বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের আন্দোলনে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে। নাভাল ব্রিজ এলাকায় শিশুর নিথর দেহ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন মৃতের পরিবার। পরবর্তীতে, শনিবার মাঝরাতে বৈকুণ্ঠ শ্মশানে কড়া পুলিশি পাহারায় মৃতের শেষকৃত্য সম্পন্ন হয়।
সূত্রের খবর, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে অতীতেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অভিযোগ, পুণের ভোর তেহসিল এলাকায় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। এর পর ভুলিয়ে ভালিয়ে তাকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এখানেই বর্বরতার শেষ নয়! অভিযোগ, শিশুকে ধর্ষণের পর খুনও করে অভিযুক্ত বৃদ্ধ। স্থানীয় একটি বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর গ্রেফতার করা হয় বৃদ্ধকে। ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত শিশুটিকে সঙ্গে নিয়ে যাচ্ছিল।
পসকো ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ৭ মে পর্যন্ত অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শনিবার মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি ফাস্ট-ট্র্যাক ট্রায়ালে দোষির দ্রুত শাস্তির আশ্বাস দেন। তিনি জানান, সরকার মৃতের পরিবারের পাশে আছে।
পুণে পুলিশের এসপি সন্দীপ সিংহ গিল জানিয়েছেন, অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করা হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। ফুটেজে শিশুকে নিয়ে গোয়ালঘরের দিকে তাঁকে যেতে দেখা গিয়েছিল। ওই গোয়ালঘর থেকেই শিশুর দেহ উদ্ধার করা হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
