Last Updated:
Iran-America: ইরানের নতুন শান্তি প্রস্তাবে কী বলা হয়েছে? রিপোর্ট অনুযায়ী, ইরানের নতুন প্রস্তাবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে আরও জোর দিয়ে উল্লেখ করেছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা ইতিমধ্যেই মজুত থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করার বিষয়ে কোনও স্পষ্ট ও বিস্তারিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
ওয়াশিংটন: যুদ্ধ থামানোর জন্য ইরানের নতুন প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে মনে করছে আমেরিকা। একটি রিপোর্টে বলা হয়েছে, যদি ইরান তাদের অবস্থান না বদলায়, তাহলে ওয়াশিংটন আবারও ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, হোয়াইটহাউস মনে করছে, ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাবে তেমন কোনও বড় পরিবর্তন নেই। আগের প্রস্তাবের তুলনায় এতে শুধু সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে, তাই এটি চুক্তির জন্য যথেষ্ট নয় বলে মনে করছে আমেরিকা।
এর আগে রয়টার্স জানিয়েছিল, ইরান আমেরিকার কাছে নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে সেই প্রস্তাবের শর্তগুলি অনেকটাই আগের মতো, যেগুলো ওয়াশিংটন আগে নাকচ করেছিল।ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র Esmaeil Baghaei জানিয়েছেন, তেহরানের মতামত “পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।” তবে তিনি এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য দেননি।
আমেরিকার এই প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে, যখন খবর অনুযায়ী ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার কথা ভাবছেন। কারণ, তেহরান তাঁর অনেক দাবি মানতে রাজি হয়নি এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ কোনও ছাড়ও দেয়নি। মার্কিন কর্মকর্তাদের মতে, মঙ্গলবার ট্রাম্প তাঁর শীর্ষ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে সিচুয়েশন রুমে বৈঠক করবেন এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এক কর্মকর্তা Axios-কে জানিয়েছেন, যদি ইরান তাদের অবস্থান না বদলায়, তাহলে আমেরিকাকে “বোমার মাধ্যমেই” আলোচনা চালাতে হবে।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, “আমরা খুব বেশি অগ্রগতি করতে পারছি না। পরিস্থিতি এখন খুবই গুরুতর জায়গায় পৌঁছেছে। সঠিকভাবে সাড়া দেওয়ার চাপ এখন ইরানের উপরেই রয়েছে। ইরানকে এবার কিছুটা ইতিবাচক পদক্ষেপ দেখাতে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আমাদের বাস্তব, শক্ত এবং বিস্তারিত আলোচনা দরকার। যদি তা না হয়, তাহলে বোমার মাধ্যমেই কথা বলতে হবে, যা খুবই দুর্ভাগ্যজনক হবে।”
এর আগে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, আমেরিকা এবং ইজরায়েল খুব শীঘ্রই, সম্ভবত এই সপ্তাহ থেকেই, ইরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কারণ, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এখন কার্যত থমকে গিয়েছে।
ইরানের নতুন শান্তি প্রস্তাবে কী বলা হয়েছে? রিপোর্ট অনুযায়ী, ইরানের নতুন প্রস্তাবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে আরও জোর দিয়ে উল্লেখ করেছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা ইতিমধ্যেই মজুত থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করার বিষয়ে কোনও স্পষ্ট ও বিস্তারিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
Kolkata,West Bengal
