Last Updated:
July 20 Violence: জুলাইয়ের বিক্ষোভে দায়ের হওয়া মামলায় স্বস্তি, যোগ্য অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিল দিল্লি সরকার।
নয়াদিল্লি: যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও প্রতিকূল আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে দিল্লি সরকার। তবে বিক্ষোভ ঘিরে হওয়া হিংসার ঘটনায় পুলিশের তদন্ত চলবে বলেও জানানো হয়েছে। দিল্লি সরকারের স্বরাষ্ট্র দফতরের এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিটি) সমস্ত পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনও প্রতিকূল আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয়।
তবে সরকার স্পষ্ট জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিক্ষোভের ঘটনায় যাঁদের ইতিমধ্যেই গ্রেফতার বা আটক করা হয়েছে, তাঁদের মামলাগুলি দ্রুত পর্যালোচনা করা হবে। যাঁরা এই সুবিধার আওতায় পড়বেন, তাঁদের মুক্তির প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। এর আগে, ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ ঘিরে হওয়া হিংসার ঘটনায় দিল্লি পুলিশ ১৩টি এফআইআর দায়ের করেছিল।
দিল্লি সরকারের এই সিদ্ধান্তের আগে বিহার, অসম এবং মহারাষ্ট্র সরকারও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। বিক্ষোভের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছিল, বিক্ষোভ সংক্রান্ত দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না করা হলে তারা আবারও জন্তর মন্তরে ফিরে এসে আন্দোলন করবে।
২০২৬ সালের ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি) নয়াদিল্লির জন্তর মন্তর থেকে ‘সংসদ চলো’ কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিপুল পুলিশ মোতায়েন এবং একাধিক ব্যারিকেড থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষায় অনিয়মের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মৃত ছাত্রছাত্রীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, এই হিংসায় ১০০-রও বেশি পুলিশকর্মী এবং কয়েকশো বিক্ষোভকারী আহত হন। আহতদের অনেককে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতাল-সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশি অভিযান জোরদার হওয়ার পর কয়েকজন বিক্ষোভকারী আশপাশের বিভিন্ন জায়গায়, যার মধ্যে গুরুদ্বারা বাংলা সাহিবও রয়েছে, সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Kolkata,West Bengal
