Last Updated:
বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন কুণাল৷ প্রশ্ন তোলেন অধ্যক্ষের সিদ্ধান্ত নিয়েও৷
হাতেগোনা তৃণমূলের যে কয়েকজন বিধায়ক এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তাঁদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ৷ প্রায় রোজই মমতার হয়ে দলের বিক্ষুব্ধদের নিশানা করছেন৷ দলের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি৷ মঙ্গলবার বিধায়ক হিসেবে প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠেই অবশ্য তাঁকে ‘চোর’, ‘চোর’ স্লোগান শুনতে হল কুণাল ঘোষকে৷ পাল্টা অবশ্য বিজেপি বিধায়কদের চেনা ভঙ্গিতেই জবাব দিয়েছেন কুণাল৷
মঙ্গলবার কুণাল ঘোষ রাজ্যপালের ভাষণের উপরে বক্তব্য শুরু করতেই বিজেপি শিবির থেকে তাঁকে চোর, চোর বলে কটাক্ষ শুরু হয়৷ মূলত কুণাল ঘোষ অনুপ্রবেশ সমস্যা নিয়ে বলতে শুরু করার পরই উত্তেজনা ছড়ায়৷ প্রথমে বিষয়টিকে হাল্কা ভাবে নিয়ে কুণাল বলেন, ‘আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ৷’ মাঝে মন্ত্রী শঙ্কর ঘোষ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু তাতেও বিজেপি বিধায়করা স্লোগান চালিয়ে যাওয়ায় কুণাল বলেন, ‘এবার কি আমি তাহলে নারদায় কাদের নাম ছিল বলতে শুরু করব৷’
কুণালের এই মন্তব্যে আপত্তি জানান অধ্যক্ষ রথীন্দ্র বসু৷ তাঁকে বিষয়ের মধ্যে নিজের বক্তব্য সীমাবদ্ধ রাখার নির্দেশ দেন তিনি৷ পাল্টা কুণাল অধ্যক্ষকে বলেন, ‘আপনি একটি ওদিকটাও (বিজেপি বিধায়কদের) কী হচ্ছে দেখুন৷’ বক্তব্য রাখতে গিয়ে হকার উচ্ছেদ থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার বিরুদ্ধেও সরব হন কুণাল ঘোষ৷ এমন কি, বার বার বিধানসভার অধ্যক্ষের সঙ্গেও তর্কাতর্কিতে জড়ান তিনি৷
বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার বিজেপি-র পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূল শিবিরকেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ৷ বেলেঘাটার তৃণমূল বিধায়ক বলেন, ‘এখানে দেখতে পাচ্ছি প্রায় ২৭০ জন বিজেপি অথবা বিজেপি স্পন্সর্ড বিধায়ক আছেন৷ এখনও হাতের আঙুলের কালি মোছেনি৷ আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেইমান নই৷’
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা প্রতিবাদে ওয়াক আউট করেন৷ তার আগে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন শুভেন্দু৷ ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়কদের বেরিয়ে যেতে দেখে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আসল বলে দাবি করা তৃণমূল পালিয়ে গেল, কিন্তু কালীঘাট তৃণমূল থেকে গেল৷’ সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ উঠে দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যা যা পদক্ষেপ করছেন, তাকে পূর্ণ সমর্থন করছি৷ কিন্তু যাঁরা চুরি করে এখন শাস্তি এড়াতে তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছেন, তাঁদেরও যেন ছাড়া না হয়৷’
Kolkata,West Bengal
