Last Updated:
গ্রামবাসীদের অভিযোগ বার বারই বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ে মানুষ এবং গবাদি পশুর উপরে আক্রমণ করছে৷
একেই বোধ হয় বলে মৃত্যু মুখ থেকে ফিরে আসা৷ মাটিতে পড়ে ছটফট করছেন যুবক৷ তাঁর শরীরের প্রায় অর্ধেক অংশ থাবা দিয়ে চেপে রেখেছে পূর্ণবয়স্ক একটি সিংহ৷ তিরিশ মিনিট এভাবে সিংহের মুখের সামনে থেকেও অবশ্য শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন ওই যুবক৷ রবিবার সকালে হাড় হিম করা এই ঘটনার সাক্ষী থাকল গুজরাতের ভাবনগর জেলার গরজিয়া গ্রাম৷
জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গরজিয়া গ্রামে এই ঘটনা ঘটে৷ পেশায় পশু পালক ওই যুবক বাড়ির কাছেই গরু চড়াতে বেরিয়েছিলেন৷ সেই সময় আচমকাই কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই যুবককে আক্রমণ করে সিংহটি৷
LION ATTACKS ON ANIMAL CARE TAKER 🚨
A lioness attacked a Maldhari family near Palitana in Gujarat’s Bhavnagar district.
– Lion trapped the guy for 30 minutes😨
– Look at the guy how he consoles Lion by Touching his head 😭
– After being rescued and rushed to a hospital for… pic.twitter.com/gWYDg9AYkX
— Jeet (@JeetN25) July 6, 2026
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত ওই যুবক মাটিতে পড়ে গেলে তাঁর থাবা দিয়ে তাঁর দু পা চেপে ধরে সিংহটি৷ যুবকের এক হাতে কামড়ও বসায় সিংহটি৷ সিংহের কামড়ে যুবকের হাত দিয়ে রক্ত ঝরতে থাকে৷ কিন্তু চেষ্টা করেও সিংহের কবল থেকে নিজেকে ছাড়াতে পারেনি সে৷
ইতিমধ্যেই গ্রামবাসীরা ওই যুবককে বাঁচানোর চেষ্টা শুরু করেন৷ বিভিন্ন ধরনের শব্দ করে এবং চিৎকার করে সিংহটিকে ভয় পাইয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাঁরা৷ কিন্তু গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করলেও সিংহটি যুবকটির উপরেই চেপে বসে থাকে৷ শেষ পর্যন্ত প্রায় আধ ঘণ্টা পর ওই যুবককে ছেড়ে পাশের গোয়াল ঘরে বেঁধে রাখা একটি গরুর দিকে এগিয়ে যায় সিংহটি৷
গ্রামবাসীদের অভিযোগ, সিংহটি আক্রমণ করার সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেওয়া হয়৷ কিন্তু বন দফতরের কোনও কর্মী অথবা আধিকারিক ওই যুবককে উদ্ধার করতে আসেননি৷ এই ধরনের ঘটনা আটকাতে বন দফতরের পদক্ষেপ এবং নজরদারি বৃদ্ধির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা৷ বন দফতর জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷
Kolkata,West Bengal
Jul 06, 2026 10:17 PM IST
