লখনউ: শুরুটা খানিকটা মন্থর গতিতে করলেও, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) পরপর ম্যাচ জিতে বর্তমানে প্লে-অফের দৌড়ে রয়েছে। তবে হলুদ ব্রিগেডের হয়ে চলতি আইপিএল মরশুমের (IPL 2026) প্রথম ১১টি ম্যাচের একটিও খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাঁর দল ‘বিজনেস এন্ডে’ প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে নামবে, এমন পরিস্থিতিতে কি অবশেষে মাহির প্রত্যাবর্তন ঘটবে?
সিএসকের কিংবদন্তি ক্রিকেটার দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন। মরশুম শুরুর আগে তার সঙ্গে যুক্ত হয় পেশির চোট। টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সিএসকের অনুশীলনে পেশিতে চোট পান ধোনি। সেই চোটের পরে তিনি একাধিকবার সিএসকের অনুশীলনে ব্যাটিং, কিপিং করলেও, এখনও পর্যন্ত মাঠে নামেননি। শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে সিএসকে। সেই ম্যাচে কি অবশেষে ধোনি মরশুমে প্রথমবার হলুদ ব্রিগেডের হয়ে মাঠে নামবেন? এই বিষয়েই মুখ খুললেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন।
Cricbuzz-কে দেওয়া সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন জানান যে ধোনি পরবর্তী ম্যাচের জন্য লখনউয়ে বাকি দলের সঙ্গে সফর করবেন। তাঁর টিকিট বুক করা হয়েছে। তবে ধোনির দলের সঙ্গে সফর করা মানেই, তাঁর খেলা কিন্তু নিশ্চিত নয়। অতীতে তিনি দলের সঙ্গে মুম্বইয়েও সফর করেন। ওয়াংখেড়ের নেটে প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং ও কিপিং করার পর অনেকেই মনে করছিলেন ধোনিকে আইপিএলের ‘এল ক্লাসিকো’-তে খেলতে দেখা যাবে। কিন্তু তেমনটা হয়নি। তিনি বরং ম্যাচের দিন মাঠেই আসেননি, বরং হোটেলই ছিলেন। তাই পরশুর ম্যাচে তিনি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন:- বিরাট কোহলি বিষয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য নেটপ্রভাবীকে অর্থের প্রলোভন দেওয়া হয়েছিল!
শোনা যাচ্ছিল ধোনি নিজেকেই নাকি দলের কম্বিনেশন ঘাটতে চান না। গত ম্যাচে সুযোগ পেয়ে উর্ভিল পটেলও রেকর্ড বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। কার্তিক শর্মা, প্রশান্ত বীররাও কিন্তু অবশেষে দলের হয়ে অবদান রাখতে শুরু করেছেন। তাই মাহি ফিরলে কাকে দল থেকে বাদ দেওয়া হবে, সেই নিয়েও সংশয় রয়েছে। সম্ভবত এইসব ভেবেচিন্তেই মাহি হয়তো নিজেও দলের কম্বিনেশন বিঘ্ন করতে চান না।
প্রসঙ্গত উল্লেখ্য, সিএসকের আগামী ম্যাচ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপাতত ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সিএসকে। নিজেদের পরবর্তী তিন ম্যাচে দুইটি জিতলেই সিএসকে কিন্তু প্লে-অফে পৌঁছতে যেতে পারে। এবার দেখার বিষয় সিএসকে প্লে-অফে পৌঁছতে পারে কি না।