Last Updated:
Chief Of Defence Staff: জেনারেল এন এস রাজা সুব্রমানি নিযুক্ত হলেন দেশের সেনাবাহিনীর নয়া প্রধান হিসেবে৷ দায়িত্ব নিয়ে প্রথম বার্তাতেই দেশের নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা দেন তিনি৷
নয়াদিল্লি: দেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল এন এস রাজা সুব্রমানি। জেনারেল অনিল চৌহান নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিযুক্ত হলেন তিনি৷ নতুন নৌবাহিনী প্রধান (চিফ অব দ্য নেভাল স্টাফ) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন।
শনিবারই অবসর গ্রহণ করেন বিদায়ী সিডিএস জেনারেল অনিল চৌহান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী। তাঁদের অবসরের পরই দেশের সামরিক নেতৃত্বের সর্বোচ্চ স্তরে এই গুরুত্বপূর্ণ রদবদল কার্যকর হয়। দীর্ঘ সামরিক জীবনে নানা অপারেশনাল ও কমান্ড দায়িত্ব সামলেছেন অভিজ্ঞ সেনা আধিকারিক জেনারেল এন এস রাজা সুব্রামানি৷ সিডিএস পদাধিকারী সরকারের প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং সেনা, নৌ ও বায়ুসেনার মধ্যে সমন্বয় ও যৌথ কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর জেনারেল সুব্রামানি বলেন, “চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। দেশের জনগণ যে আস্থা সশস্ত্র বাহিনীর উপর রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। ভারতীয় সেনা, নৌবাহিনী, বায়ুসেনা, প্রতিরক্ষা মন্ত্রক, কৌশলগত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীদার দেশের নিরাপত্তা আরও শক্তিশালী করতে একযোগে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘জেএআই’ (Jointness, Atma Nirbharta and Innovation) দর্শন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র বাহিনীর রূপান্তর, সাংগঠনিক সংস্কার, যৌথতা, সমন্বয় এবং সংহতি বৃদ্ধি আমাদের প্রধান অগ্রাধিকার হবে। আত্মনির্ভরতা জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি, তাই দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের উন্নয়ন, অন্তর্ভুক্তি ও সংহতকরণ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
নতুন নৌপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। তিনি নৌবাহিনীতে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনাল ও প্রশাসনিক পদে কাজ করেছেন এবং বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রসঙ্গত, ভারত যখন সামরিক আধুনিকীকরণ, প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা এবং তিন বাহিনীর যৌথ অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই সময়ে এই নেতৃত্ব পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দেশের প্রতিরক্ষা কৌশল নির্ধারণে এই দুই শীর্ষ সামরিক আধিকারিকের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।
Kolkata,West Bengal
May 31, 2026 11:07 AM IST
