Last Updated:
নতুন তৃণমূলে মদন মিত্রকে স্বাগত জানিয়ে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানান প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিন। মদন মিত্রের এই সিদ্ধান্তের পিছনে গুরুতর কারণ থাকতে পারে বলেও মন্তব্য করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: মদন মিত্রকে নতুন তৃণমূলে স্বাগত জানালেন তৃণমূলের মালদহ জেলা সভাপতি তথা বিধায়ক এবং প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁকে স্বাগত জানিয়েছেন ঋতব্রতপন্থী বিধায়ক তথা রাজ্য মহিলা তৃণমূলের সভাপতি সাবিনা ইয়াসমিনও।
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, মদন মিত্র রাজ্য রাজনীতির একজন বলিষ্ঠ নেতা। তাঁর জনসমর্থন রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রসূনের বক্তব্য, মদন মিত্রের এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়, তিনি এতদিন যে জায়গায় ছিলেন সেখানে নিশ্চয়ই কোনও গুরুতর সমস্যা ছিল। তাঁর কথায়, “মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্যরা নাহলে এমন সিদ্ধান্ত নিতেন না।” তিনি আরও বলেন, মদন মিত্র যদি নতুন তৃণমূলকে পথ দেখান, তাহলে তাঁকে স্বাগত।
দলীয় পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা দলে গণতান্ত্রিক পদ্ধতি মানছেন না, তাঁরাই বাইরে চলে যাচ্ছেন। তাঁর দাবি, “৭০ জন বিধায়ক যা মানতে পারছেন, বাকিদের মানতে অসুবিধে কোথায়।”
অন্যদিকে, মদন মিত্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, “মদন মিত্রকে স্বাগত। যার জনসমর্থন আছে, তা মাথায় রেখেই শুদ্ধিকরণের কাজ চলবে। মদন মিত্ররা নতুন তৃণমূলে অনেক কাজ করার সুযোগ পাবেন।”
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের অধিকাংশ জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থেকে গিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী মদন মিত্র৷ তবে, বুধবার শেষমেষ মমতার সঙ্গ ছাড়লেন মদনও৷ শিবির বদলের পর ২১ জুলাই নিয়ে বড় বার্তা দিলেন মদন৷
বুধবার তিনি বলেন, ‘‘ঈশ্বর আছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যারা মুড়ি বেচে বাদাম বেচে তাদের জমায়েত হলেই হয়ে যাবে।আমাদের প্রোগ্রাম খুব ভালো হবে। দুর থেকে কেউ কেউ ঢিল ছুঁড়ে বদমায়েশি করতে পারে। বুঝিয়ে দিতে হবে এটা আমাদের তৃণমূল। এতে হাত দিলে হাত জ্বলে যাবে।আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে যা বলবেন যত লোক বলবেন আনব।ভবানীপুর জগুবাজার থেকে মিটিং করে বেরোব।’’
Kolkata,West Bengal
