Last Updated:
Mathematics Workshop: পড়ুয়াদের মন থেকে অঙ্কের ভয় দূর করতে অভিনব আয়োজন করল বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতন। সাধারণত স্কুলগুলিতে বিজ্ঞান বা অন্যান্য বিষয়ের প্রদর্শনী হলেও, শুধুমাত্র অঙ্ক নিয়ে এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির আবাসিক পড়ুয়াদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: অঙ্ক মানেই পড়ুয়াদের একাংশের কাছে এক অজানা আতঙ্ক। নিচু ক্লাসে বিষয়টি বেশ মজাদার লাগলেও, উঁচু ক্লাসে ওঠার সঙ্গে সঙ্গেই অঙ্কের প্রতি এক অহেতুক ভীতি জন্মাতে শুরু করে অনেক ছাত্রছাত্রীর মনে। অথচ, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা বা ভবিষ্যতে প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ার গড়ার জন্য অঙ্কের ভিত মজবুত হওয়া অত্যন্ত জরুরি। নবম ও দশম শ্রেণিতেই মূলত সেই ভিত তৈরি হয়। পড়ুয়াদের মন থেকে এই ‘অঙ্ক-ভীতি’ সমূলে উৎখাত করতে এবার এক অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতন।
সাধারণত বিভিন্ন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বা অন্যান্য বিষয় নিয়ে কর্মশালা বা প্রদর্শনীর আয়োজন চোখে পড়লেও, শুধুমাত্র অঙ্ক নিয়ে এমন কর্মশালা সচরাচর দেখা যায় না। স্কুল সূত্রে জানা গিয়েছে, মূলত বিদ্যালয়ের হস্টেলে থাকা নবম ও দশম শ্রেণির আবাসিক পড়ুয়াদের নিয়ে এই বিশেষ অঙ্কের কর্মশালার আয়োজন করা হয়েছিল। সান্ধ্যকালীন এই কর্মশালায় বিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরাও।
কর্মশালায় উপস্থিত শিক্ষকরা প্রথাগত বইমুখী পড়াশোনার বাইরে বেরিয়ে হাতে-কলমে অত্যন্ত সহজ ও সরল পদ্ধতিতে অঙ্কের নানা খুঁটিনাটি দিক পড়ুয়াদের সামনে তুলে ধরেন। কঠিন সূত্র বা জটিল সমীকরণগুলিকে কীভাবে সহজে আয়ত্ত করা যায়, সেই কৌশল শেখানো হয় ছাত্রছাত্রীদের। শিক্ষকরা জানান, এর ফলে আগামী দিনে পড়ুয়াদের কাছে অঙ্ক বিষয়টি আরও সহজ থেকে সহজতর হয়ে উঠবে এবং একাদশ শ্রেণিতে উঠে বিজ্ঞান নিয়ে এগোনোর ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে।
কর্মশালাটি কতটা কার্যকরী হল, তা যাচাই করতে দিনশেষে একটি বিশেষ মূল্যায়নেরও ব্যবস্থা করা হয়েছিল। কর্মশালা শেষে সন্ধ্যায় ওই পড়ুয়াদের একটি ‘প্র্যাকটিস সেট’ বা অনুশীলন পত্র দেওয়া হয় সমাধানের জন্য। হাতে-কলমে শেখার পর এই অনুশীলনের মাধ্যমে পড়ুয়ারা কতটা উপকৃত হল, তার সরাসরি ফলাফল হাতে পান শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
Paschim Medinipur,West Bengal