Last Updated:
Modern Mango Harvesting: মালদহের আমচাষে এখন আধুনিক প্রযুক্তির জয়জয়কার। এতদিন প্রচলিত উপায়ে গাছ থেকে আম পাড়ার ফলে ফলের গুণমান নষ্ট হত, যার প্রভাব পড়ত সরাসরি বাজারে। সেই লোকসান রুখতেই এবার ব্যাগিং পদ্ধতির পর আধুনিক ম্যাঙ্গো হার্ভেস্টিং প্রযুক্তি নিয়ে বড়সড় উদ্যোগ নিল মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। দাগহীন ফল বাজারে পাঠিয়ে এবার ব্যাপক লাভের মুখ দেখার আশা করছেন জেলার চাষি থেকে আম ব্যবসায়ীরা।
মালদহ, জিএম মোমিন: আম উৎপাদনে দেশের অন্যতম পরিচিত জেলা মালদহ। প্রতিবছর এখানে লক্ষ লক্ষ মেট্রিক টন আম উৎপাদিত হলেও, সঠিক পদ্ধতিতে আম সংগ্রহের অভাবে অনেক সময় ফলের গুণমান নষ্ট হয় এবং বাজারে প্রত্যাশিত দামও পান না চাষিরা। সেই সমস্যার সমাধানে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিল মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শতাধিক আম চাষির হাতে তুলে দেওয়া হল বিশেষ ধরনের আধুনিক ম্যাঙ্গো হার্ভেস্টার। শুধু সরঞ্জাম বিতরণই নয়, কীভাবে গাছ থেকে দাগহীন ও ক্ষতবিহীন আম সংগ্রহ করতে হয়, তার ব্যবহারিক প্রশিক্ষণও দেন কৃষি বিজ্ঞানীরা।
আম পরিচর্যা থেকে শুরু করে সঠিক সময়ে ও সঠিক কৌশলে ফল সংগ্রহের বিভিন্ন দিক সম্পর্কে চাষিদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুষ্য়ান্ত কুমার রাঘব জানান, “বর্তমানে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালদহে প্রচুর আম উৎপাদিত হলেও দীর্ঘদিন ধরে প্রচলিত পদ্ধতিতে আম পাড়ার ফলে অনেক সময় ফলের মান নষ্ট হয় এবং বাণিজ্যিক বাজারে তার প্রভাব পড়ে। আধুনিক হার্ভেস্টারের মাধ্যমে দাগহীন ও নিরাপদভাবে আম সংগ্রহ করা সম্ভব হবে, যা চাষিদের আর্থিকভাবে লাভবান হতে সাহায্য করবে।”
প্রশিক্ষণে অংশ নেওয়া এক আম চাষি রতিন দাস বলেন, “এতদিন প্রচলিত পদ্ধতিতেই আম পাড়া হত। এই প্রশিক্ষণের মাধ্যমে ফল সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতি শেখার সুযোগ হয়েছে। নতুন হার্ভেস্টার ব্যবহারে আমের ক্ষতি কমবে এবং উন্নত মানের ফল বাজারে পাঠানো সহজ হবে।” মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “কৃষি বিজ্ঞান কেন্দ্র নিয়মিতভাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে। এই উদ্যোগ শুধু আম নয়, ভবিষ্যতে জেলার অন্যান্য ফল ও কৃষিপণ্যের উৎপাদন এবং বিপণন ব্যবস্থাকেও আরও উন্নত করবে।”
Maldah,West Bengal
Jul 04, 2026 12:37 PM IST
Modern Mango Harvesting: ব্যাগিং পদ্ধতির পর এবার আধুনিক হার্ভেস্টিং! মালদহের আম চাষে প্রযুক্তির ছোঁয়া, বাম্পার লাভের আশায় চাষিরা