Last Updated:
Mouni-Suraj Divorce: সূরজ নাম্বিয়ার মৌনি রায়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদে ভরণপোষণ ও বিবাদের গুজব অস্বীকার করেছেন এবং বলেছেন, মৌনিকে ভরণপোষণ দেওয়া হবে না। এই প্রতিবেদনগুলোকে “বিদ্বেষপূর্ণ” ও “মনগড়া কাহিনী” বলে আখ্যা দিয়েছেন।
মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অন্দরে কান পাতলেই মৌনি এবং স্বামী সূরজ নাম্বিয়ারের ডিভোর্স নিয়ে চর্চা চলছে। ইনস্টাগ্রামে একে অপরকে ফলো না করার পর থেকে জল্পনা শুরু হয়৷ মৌনি রায়ের বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুলেছেন তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার।
বলিউডের এই তারকা দম্পতি তাঁদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করার কয়েকদিন পর, সূরজ ইনস্টাগ্রাম স্টোরিজে একটি দীর্ঘ নোট শেয়ার করেছেন৷ যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ এমনকী নেটিজেনরা মৌনির সবচেয়ে কাছের বন্ধু দিশা পাটানিকেও এই বিতর্কে টেনে আনার পরই মুখ খুলেছেন সূরজ৷
তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি এবং মৌনি সম্মানের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। “মৌনি এবং আমি পারস্পরিক শ্রদ্ধা ও একে অপরের মঙ্গলের কথা সম্পূর্ণ বিবেচনা করে একসঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই সত্যি। এর বাইরে যা কিছু বলা হচ্ছে, তা সবই মনগড়া এবং কিছু ক্ষেত্রে, এমন দু’জন মানুষকে কলঙ্কিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা, যারা একা থাকতে চাওয়া ছাড়া আর কিছুই করেনি।”
গত কয়েকদিন ধরে অনলাইনে বেশ কিছু গুজব এই দম্পতির বিচ্ছেদের সঙ্গে অন্য ব্যক্তিদের নাম জড়িয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মৌনির ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানিকে এই বিচ্ছেদের আলোচনায় টেনে আনার পর চরম ট্রোলড হন তিনিও। সরাসরি কারও নাম উল্লেখ না করে, সূরজ তার বিবৃতিতে তৃতীয় পক্ষের সমস্ত দাবি পুরোপুরিঅস্বীকার করেছেন। এবং বলেছেন, “আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই: আমাদের দু’জনের মধ্যে অন্য কোনও তৃতীয় ব্যক্তির নাম জড়ানোর কোনও সত্যতা নেই। এর মধ্যে অন্য লোকেদের টেনে আনা ঠিক নয়। বিশেষ করে সেইসব নিরীহ বন্ধুদের, যাদের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “এই পুরো সময়টা জুড়ে আমি ও মৌনি দু’জনেই মর্যাদার সঙ্গে আচরণ করেছি এবং আমরা প্রত্যাশা করি, যারা এ বিষয়ে প্রতিবেদন তৈরি করছেন, তারাও আমাদের প্রতি একই মর্যাদা প্রদর্শন করবেন।” সূরজ বিচ্ছেদকে ঘিরে গণমাধ্যমের প্রতিবেদনেরও সমালোচনা করেছেন এবং কিছু সংবাদমাধ্যমকে যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন। “সংবাদমাধ্যমগুলো এমন সব আখ্যান তৈরি করেছে যার কোনও অস্তিত্বই নেই। এই প্রতিবেদনগুলো বিন্দুমাত্র যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত অন্যায্য। আমি এই বিষয়টি পরিষ্কার ও সরাসরিভাবে তুলে ধরছি, কারণ ইচ্ছাকৃতভাবে ছড়ানো ভুল তথ্যের মুখে চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব নয়।”
তিনি নোটটি শেষ করে তিনি ভবিষ্যতে দম্পতির ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবাইকে অনুরোধ করে। “আমাদের যৌথ বিবৃতিতে যা কিছু বলার ছিল, তার সবই বলা হয়েছে। আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং আমাদের দু’জনকেই শান্তিতে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন।” উল্লেখ্য, গত সপ্তাহে মৌনি ও সূরজ সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতির মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় এই জুটি বিয়ে করেছিলেন। তবে ৪ বছরের মধ্যেই ঘর ভাঙল বঙ্গললনার৷
Kolkata,West Bengal
