Last Updated:
Moving Bike Fire: চলন্ত বাইকে আচমকাই দাউদাউ করে আগুন। কপাল জোরে প্রাণে রক্ষা পেলেন চালক। যে কারুর সঙ্গেই ঘটতে পারে এমন অঘটন। চলন্ত বাইকে আগুন লাগার পরিস্থিতি এড়াতে কী করবেন, বিশেষ পরামর্শ দিলেন দমকলকর্মীরা।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরেন এবং সারাদিন আপনার বাইক রোদের মধ্যে থাকে? তাহলে এখনই সাবধান হন। আপনার বাইকে দাউদাউ করে আগুন ধরে যেতে পারে যে কোনও মুহূর্তে। এমনই এক ঘটনা ঘটল বৃহস্পতিবার দুপুরে। চলন্ত অবস্থায় একটি বাইকে আগুন ধরে গেল। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাইক আরোহী।
জানা যাচ্ছে, পেশায় রাজমিস্ত্রি আজিজুর রহমান দুপুরে বাইক চালিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এর আগে প্রায় দু’ঘণ্টা বাইকটি কড়া রোদের মধ্যে দাঁড় করানো ছিল এবং সেখান থেকে বাইকটি নিয়ে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই চলন্ত অবস্থায় হঠাৎই আগুন ধরে যায়। আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে কাদা ও জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মীদের প্রাথমিক ধারণা দীর্ঘক্ষণ বাইকটি রোদে থাকার কারণেই অত্যাধিক গরমে বা যান্ত্রিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। এদিন দমকল কর্মীরা পরামর্শ দেন, অত্যাধিক গরমে তেলের ট্যাঙ্ক পুরো ভর্তি না রাখাই ভাল এবং গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ করা, নিয়মিত সার্ভিসিং করা এবং ইলেকট্রিক সংযোগগুলি সঠিক রয়েছে কিনা সেগুলিও যাচাই করা অত্যন্ত দরকার। তা না হলে শর্ট সার্কিট থেকে লেগে যেতে পারে আগুন।
এছাড়াও গাড়ি সরাসরি রোদে না রেখে ছায়াযুক্ত স্থানে পার্ক করার পরামর্শ দিচ্ছেন দমকল কর্মীরা এবং এই ধরনের দুর্ঘটনা এড়াতে সব সময় গাড়ি এবং জ্বালানির বিষয় বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন তারা।
Nadia,West Bengal