Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের লালগোলায় নাকা তল্লাশিতে বড় সাফল্য পেল পুলিশ। পাহাড়পুর এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার চক্রের সঙ্গে যোগের সন্দেহে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রবিবার রাতে মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। রাজ্য সড়ক ১১-এর পাহাড়পুর এলাকায় নাকা তল্লাশি চালিয়ে দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০২ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালগোলা থানার একটি বিশেষ দল রাজ্য সড়ক ১১, পাহাড়পুর এলাকায় নাকা তল্লাশি চালায়।
সেই সময় সন্দেহভাজন দুই যুবককে দেখে তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সাহিন শেখ ও মহম্মদ আকাশ আলি নামে দুই ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়া ৩০২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে দু’জনকে গ্রেফতার করা হয়।
ধৃত সাহিন শেখের বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর এলাকায় এবং মহম্মদ আকাশ আলির বাড়ি নশিপুর গ্রামে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, ধৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে হেরোইন পাচারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকার বেশি বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হবে।
সম্প্রতি মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। সোমবার মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় হেরোইন তৈরির একটি ল্যাবরেটরির হদিস পেয়েছে পুলিশ। সেই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। লাগাতার অভিযান চলবে। উদ্ধার হওয়া হেরোইন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
Murshidabad,Murshidabad,West Bengal
