Last Updated:
Narendra Modi on Suvendu Adhiakri: এদিন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই নেতারা দীর্ঘদিন ধরে একেবারে তৃণমূল স্তরে মানুষের জন্য কাজ করে এসেছেন। মন্ত্রী হিসেবে তাঁরা পশ্চিমবঙ্গের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবেন বলেও তিনি আশাবাদী।
কলকাতা: আজ, রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যে শপথ নিল বঙ্গের প্রথম বিজেপি সরকার৷ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী৷ শপথগ্রণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নিতিন নবীন৷ ছিলেন দেশের অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও৷ শপথগ্রহণ অনুষ্ঠান শেষের পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু৷
এদিন অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য শ্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন৷ উনি এমন একজন নেতা, যিনি সাধারণ মানুষের খুব কাছাকাছি থেকে গভীর ভাবে তাঁর আশা আকাঙ্খা বোঝার চেষ্টা করেছেন ৷ আগামী এক ফলপ্রসূ সময়ের আগে তাঁকে আমার শুভেচ্ছা৷’’
এদিন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিককেও পশ্চিমবঙ্গ সরকারের ৫ মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে শুভেচ্ছা জানিয়েছেন মোদি৷ এই মানুষগুলো একেবারে নিচুস্তরে মানুষের জন্য কাজ করেছেন. আমি নিশ্চিত মন্ত্রী হিসাবে তাঁরা পশ্চিমবঙ্গের উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা নেবে৷
রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে মোদি বলেন, ‘‘এক সুখকর কাকতালীয় ঘটনা, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পঁচিশে বৈশাখে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের-এর জন্মজয়ন্তীর দিনে।’’
তিনি আরও লেখেন, “এই অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। তাঁর কালজয়ী বাণী যুগের পর যুগ জাতির চেতনাকে আলোড়িত করেছে, আর তাঁর দর্শন আজও ভারতের উন্নয়নের পথকে আলোকিত করে চলেছে।”
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এক ইতিহাস তৈরি করল বলে জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “৯ মে ২০২৬ ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দিনটি ভাগ্যের মোড় ঘোরানো এক মুহূর্ত এবং আশা, মর্যাদা ও সুশাসনের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক হিসেবে স্মরণে থাকবে। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড -এ বিজেপি সরকার শপথ গ্রহণ করল। আমি-সহ আরও অনেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য লাভ করেছি।’’
