Last Updated:
দিল্লিতে প্রায় এক ঘণ্টারও বেশি সময ধরে এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
মঙ্গলবার সকালে এনডিএ-এর বৈঠকে যাননি৷ এনসিপিআই-এ যোগ দেওয়া মুর্শিদাবাদ জেলার তিন সাংসদের এই সিদ্ধান্তে দিল্লির রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল৷ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া আবু তাহের, খলিলুর রহমান জানিয়ে দেন, তাঁরা এনসিপিআই-তে থাকলেও এনডিএ-এর সঙ্গে নেই৷ বিজেপি-কেও সমর্থনের প্রশ্ন নেই৷ খলিলুর, আবু তাহেরের সঙ্গে একই সিদ্ধান্ত নেন বহরমপুরের তারকা সাংসদ ইউসুফ পাঠানাও৷
মুর্শিদাবাদ জেলার তিন সাংসদের এই সিদ্ধান্তে চরম অস্বস্তিতে পড়ে এনসিপিআই নেতৃত্বও৷ সূত্রের খবর, এনসিপিআই-এর তিন সাংসদের এই আচরণ যে এনডিএ-এর পক্ষেও অস্বস্তিকর, সেই বার্তা ইতিমধ্যেই এনসিপিআই নেতৃত্বের কাছেও পৌঁছে গিয়েছে৷
তবে এনডিএ-এর বৈঠকে না গেলেও তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন মুর্শিদাবাদের এই তিন সাংসদই৷ এনসিপিআই নেতৃত্বের অবশ্য দাবি, তাঁরা সবাই একজোট হয়েই আছেন৷ তবে এরই মধ্যে এনসিপিআই-তে যোগ দেওয়া বীরভূমের সাংসদ শতাব্দী রায় স্বীকার করে নিয়েছেন, মুর্শিদাবাদের এই তিন সাংসদের হয়তো কিছু বাধ্যবাধকতা আছে৷
এনডিএ-এর বৈঠকে যোগ না দিলেও বঙ্গ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে কেন তাঁরা যোগ দিলেন, তার ব্যাখ্যা দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের৷ তাঁর দাবি, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী৷ রাজ্যের উন্নয়ন নিয়েই তিনি এ দিনের বৈঠক ডেকেছিলেন৷ তাই আমরা এই বৈঠকে যোগ দিয়েছি৷
তবে মঙ্গলবারের এই ঘটনার পর স্বভাবতই এনসিপিআই-এর অন্দরে মতানৈক্য দেখা দিয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷ যদিও শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছেন, এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদই একজোট আছেন৷ তবে মুর্শিদাবাদের তিন সাংসদকে নিয়ে শতাব্দী রায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, হয়তো ওদের কিছু বাধ্যবাধকতা আছে৷ সেটা মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন৷
Kolkata,West Bengal
Aug 04, 2026 10:53 PM IST
