Last Updated:
New Business Idea: সামান্য বিনিয়োগ ও হাতের জাদুর জোরেও ব্যবসায়ী হয়ে ওঠা সম্ভব। রায়গঞ্জের এক গৃহবধূ সেই দিশাই দেখাচ্ছেন। তাঁর দেখানো পথে হেঁটে অন্যান্য মহিলারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ ব্যবসার জন্য মোটা টাকা পুঁজি অনেকেরই থাকে না। সেই জন্য বহু মানুষের ব্যবসায়ী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। তবে চাইলে সামান্য বিনিয়োগ এবং হাতের জাদুর জোরেও উপার্জন করা যায়। রায়গঞ্জের এক গৃহবধূ সেই দিশাই খুঁজে পেয়েছেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীরঘই এলাকার গৃহবধূ বাসনা সরকার মাটির শঙ্খ তৈরির মাধ্যমে আয়ের দিশা খুঁজে পেয়েছেন। জানা গিয়েছে, প্রায় ২ বছর ধরে এই শঙ্খগুলি তৈরি করেন তিনি। এগুলি মাটি দিয়ে তৈরি হলেও আসল শঙ্খের মতোই আওয়াজ এবং দেখতেও বেশ আকর্ষণীয়।
বাসনাদেবী জানান, মাটির শঙ্খ তৈরি করতে প্রথমে মাটি দিয়ে শঙ্খের আকার তৈরি করে তা রোদে শুকোতে দেন। এরপর সেগুলি কাঠকয়লার আগুনে পুড়িয়ে শক্ত করেন। সবশেষে রং করে শঙ্খগুলি বিক্রি করেন তিনি।
এই গৃহবধূ জানান, এই শঙ্খগুলির ভিতরে আর কিছু নেই। এগুলি শুধুমাত্র মাটি দিয়ে তৈরি। এগুলি যেমন আসল শঙ্খের মতো দেখতে, তেমনই এর আওয়াজ। এছাড়া মাটি দিয়ে পোড়ানোর ফলে এই শঙ্খগুলি জল দিয়ে ধোয়াও যায় বলে জানান বাসনাদেবী। এতে এর আওয়াজ আরও বাড়ে বলে দাবি করেন তিনি।
সব মিলিয়ে, হাতের জাদু এবং মাটি দিয়ে শঙ্খ বানিয়েই বাজিমাত করছেন রায়গঞ্জের এই গৃহবধূ। এতে একদিকে যেমন তিনি নিজে আয়ের দিশা খুঁজে পেয়েছেন, তেমনই স্থাপন করেছেন স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Uttar Dinajpur,West Bengal
