Last Updated:
North Dinajpur News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৬ বছর এবং অন্যজনের ১৫ বছর। একজন দশম শ্রেণি ও অন্যজন নবম শ্রেণির পড়ুয়া ছিল।
ইসলামপুর, উত্তর দিনাজপুরঃ বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে দুই কিশোরের মৃত্যু। খুনের অভিযোগে সরব হয়েছে পরিবার। উত্তর দিনাজপুরের ইসলামপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন দশম শ্রেণির ছাত্র শুভঙ্কর দাস (১৬) ও নবম শ্রেণির পড়ুয়া রাজেশ চৌহান (১৫)। তাঁরা যথাক্রমে নেতাজিপল্লি এবং রামকৃষ্ণপল্লির বাসিন্দা। সোমবার দুপুরে তেলিভিটা এলাকার এক পুকুরে ডুবে তাঁদের মৃত্যু হয়।
মৃতদের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বন্ধু বাড়ি থেকে বেরিয়ে তেলিভিটা অঞ্চলের একটি পুকুরে স্নান করতে নামে। সেখান থেকেই দুই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে তখনকার স্নানের ভিডিও অন্য একজন বন্ধুর মোবাইলে রেকর্ড হয়েছে বলে খবর। সেই দেখে খুনের অভিযোগ তুলেছে পরিবার।
এই বিষয়ে মৃত রাজেশ চৌহানের বাবা অর্জুনবাবু বলেন, ভিডিওয় দেখলাম একজন ছেলে ডুবে যাচ্ছিল, আমার ছেলে তাঁকে বাঁচাতে যায়। সেই সময় অন্য ছেলেটি ওকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয়। ওকে খুন করা হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি খুন নাকি দুর্ঘটনা, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং জানান, মৃত-অভিযুক্ত সবাই নাবালক। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে খুনের অভিযোগে সরব হয়েছে মৃতদের পরিবার। আগামীদিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
Uttar Dinajpur,West Bengal
