Last Updated:
Raiganj Municipality: বিক্ষোভকারী কর্মীরা জানান, গত ৫-৬ মাস ধরে তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না। ফলে ব্যাপক আর্থিক সমস্যার মুখে পড়েছেন তাঁরা।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ রায়গঞ্জ পৌরসভায় অস্থিরতার ছবি। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামলেন কর্মীদের একাংশ। মঙ্গলবার সকালে বকেয়া মাইনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। স্লোগান, অবস্থান বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
রায়গঞ্জ পৌরসভার বিক্ষোভকারী কর্মীদের দাবি, বিগত ৫-৬ মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। ফলে চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন তাঁরা। বিষয়টি একাধিকবার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌর কর্তৃপক্ষের নজরে আনা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
এই বিষয়ে বিক্ষোভকারী এক কর্মী জানান, তাঁদের সর্বস্তরের অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতন, নিয়মিত ইপিএফ এবং পেনশনভোগী পেনশনের দাবিতে এই বিক্ষোভ। তিনি বলেন, “দুর্গাপুজোর আগেও কোনও রাজনৈতিক ব্যানার ছাড়া এভাবে বৃহত্তর আন্দোলন হয়েছিল। সেই সময় একমাসের বেতন, ভেঙে ভেঙে বোনাস দেওয়া হয়। আমরা সেটাই মেনে নিই। এরপর সুদিন আসবে বলা হলেও আজ অবধি সেই ভাল দিন আসেনি”।
আরেক বিক্ষোভকারী কর্মী আবার জানান, বেতনের দাবিতে এই বিক্ষোভ আজকের নয়। দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে। আন্দোলন বন্ধ করতে তাঁদের উপর দমনপীড়নও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই কর্মী বলেন, “দীর্ঘ ৬ মাস ধরে বেতন পাচ্ছি না। আমাদের পেট আর মানছে না”।
Uttar Dinajpur,West Bengal
Raiganj Municipality: ৫-৬ মাস ধরে নিয়মিত বেতন না দেওয়ার অভিযোগ! বকেয়া মাইনের দাবিতে রায়গঞ্জ পৌরসভায় কর্মীদের বিক্ষোভ
