Last Updated:
Popular Actor Death: প্রবীণ গুজরাতি অভিনেতা এবং পরিচালক অরবিন্দ ভেকারিয়া আর নেই৷ মা-কে হারানোর কিছুদিনের মধ্যে বাবাকে হারালেন তারক মেহতা কা উল্টা চশমা-খ্যাত অভিনেতা তন্ময় ভেকারিয়া। CINTAA খবরটি নিশ্চিত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় অরবিন্দকে শ্রদ্ধা জানিয়েছে।
বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ প্রয়াত হলেন প্রবীণ গুজরাতি অভিনেতা, পরিচালক এবং নাট্য ব্যক্তিত্ব অরবিন্দ ভেকারিয়া৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্র্। তাঁর মৃত্যুর মাত্র আট মাস আগেই তাঁর ছেলে, ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা তন্ময় ভেকারিয়া তাঁর মাকে হারিয়েছিলেন, যা পরিবারটির জন্য বিরাট ক্ষতি।
সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিন্টা) এই খবরটি নিশ্চিত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রবীণ এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছে। অভিনেতার মৃত্যুর খবর শেয়ার করে তাঁরা লিখেছেন, “প্রবীণ অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব শ্রী অরবিন্দ ভেকারিয়ার মৃত্যুতে সিন্টা গভীর শোক প্রকাশ করছে ৷ শান্তিতেথাকুন। ”
‘তারক মেহতা কা উল্টা চশমা’-র স্রষ্টা ও প্রযোজক অসিত কুমার মোদিও গুজরাতি থিয়েটার, সিনেমা এবং টেলিভিশনে অরবিন্দ ভেকারিয়ার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের শো-তে বাঘা চরিত্রে অভিনয় করা তন্ময় ভেকারিয়ার বাবা শ্রী অরবিন্দ ভেকারিয়া জির দুঃখজনক প্রয়াণ শুধু তন্ময় এবং ভেকারিয়া পরিবারের জন্যই নয়, সমগ্র বিনোদন জগতের জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক ক্ষতি।”
তিনি আরও বলেন, “গুজরাতি থিয়েটার ও সিনেমার একজন প্রবীণ ব্যক্তিত্ব অরবিন্দ জি ছিলেন একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিল্পী, অভিনয় শিল্পে যাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগতভাবে তাঁকে জানার সৌভাগ্য আমার হয়েছিল এবং তাঁর আন্তরিকতা, বিনয় ও শিল্পের প্রতি নিষ্ঠা তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকের মনে এক গভীর ছাপ রেখে গেছে।”
তিনি আরও বলেন, “অরবিন্দ জি ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র সঙ্গেও যুক্ত ছিলেন এবং প্রতিটি আলাপচারিতায় তিনি যে উষ্ণতা ও মাধুর্য নিয়ে আসতেন, তা আমরা সশ্রদ্ধভাবে স্মরণ করি। এই কঠিন সময়ে, টিএমকেওসি-র পুরো পরিবার তন্ময় এবং তার প্রিয়জনদের পাশে আছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস দেন।”
যাঁরা অরবিন্দ ভেকারিয়া জিকে চিনতেন, তাঁদের সকলের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। থিয়েটার ও টেলিভিশনে অরবিন্দ ভেকারিয়ার বিরাট অবদান রয়েছে৷ কয়েক দশকব্যাপী কর্মজীবন নিয়ে গুজরাতি থিয়েটার ও চলচ্চিত্র জগতে অরবিন্দ ভেকারিয়া এক শ্রদ্ধেয় নাম ছিলেন। তিনি অভিনেতা, পরিচালক ও মঞ্চশিল্পী হিসেবে পরিচিত ছিলেন এবং মঞ্চশিল্পে তাঁর কাজের জন্য প্রশংসা অর্জন করেছিলেন।
তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল যশোদা, ছানু চমকলো এবং রুপিয়ো নাচ নাচাভে-এর মতো গুজরাটি প্রযোজনা ও চলচ্চিত্র। তিনি জনপ্রিয় সুপারহিরো সিরিজ শক্তিমান-সহ টেলিভিশনেও কাজ করেছেন। তারক মেহতা কা উল্টা চশমা-এর ভক্তরাও এই দীর্ঘ-প্রসারিত কমেডি শো-তে তাঁর অতিথি চরিত্রে অভিনয়ের কথা মনে রেখেছেন। তন্ময় ভেকারিয়ার জন্য অত্যন্ত কঠিন৷ অভিনেতার মা ২০২৫ সালের অক্টোবরে মারা যান এবং তিনি সম্প্রতি ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র সেটে তাঁর সম্পর্কে আবেগঘন কথা বলেছিলেন।
Kolkata,West Bengal
Jun 26, 2026 11:01 AM IST
