Last Updated:
Pregnant woman: উত্তরপ্রদেশের বাগপত জেলায় মাত্র ২২ বছর বয়সেই পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক তরুণী। এখন তিনি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, কেন পর পর অন্তঃস্বত্ত্বা হচ্ছেন কারণ জানতেই চমকে উঠলেন সকলে।
বাগপত: উত্তরপ্রদেশের বাগপত জেলা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। মাত্র ২২ বছর বয়সেই পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন এক তরুণী। এখন তিনি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, অর্থাৎ শীঘ্রই ষষ্ঠ সন্তানের জন্ম দিতে চলেছেন। পুত্র সন্তানের আশাতে বারবার সন্তান নেওয়ার এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।
ঘটনাটি প্রকাশ্যে আসে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। বাগপতের বরৌতে অবস্থিত স্পন্দন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্রজ্ঞা তোমর ভিডিওটি শেয়ার করে সমাজের উদ্দেশে প্রশ্ন তোলেন— শুধুমাত্র পুত্রসন্তানের আশায় একজন নারীর স্বাস্থ্যকে এভাবে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া কি আদৌ যুক্তিসঙ্গত? ভিডিওতে দেখা গিয়েছে, চিকিৎসক তোমর ওই অন্তঃসত্ত্বা মহিলার বয়স ও শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইছেন। জবাবে তরুণী জানান, তাঁর বয়স মাত্র ২২ বছর এবং বর্তমানে তিনি পাঁচ মাসের গর্ভবতী। এর আগে তাঁর পাঁচটি সন্তান রয়েছে, আর এবার হতে চলেছে ষষ্ঠ সন্তান।
চিকিৎসকের প্রশ্নে জানা যায়, ওই দম্পতির বাড়ি রাজস্থানে এবং তাঁদের বাল্যবিবাহ হয়েছিল। তরুণী জানান, তাঁর বিয়ে হয়েছিল যখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বা ১৬ বছর। বর্তমানে তাঁর সবচেয়ে বড় সন্তানের বয়স ৮ বছর। পাঁচ সন্তানের মধ্যে চারজন মেয়ে এবং একজন ছেলে। এত অল্প বয়সে বারবার মা হওয়ার কারণ জানতে চাইলে তরুণী বলেন, একের পর এক কন্যাসন্তান জন্মানোর কারণেই তাঁরা আরও সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তাঁর স্বামীও স্বীকার করেন যে পুত্রসন্তানের আশাই ছিল এর প্রধান কারণ।
চিকিৎসক যখন জানতে চান, পরিবারে ইতিমধ্যেই এক ছেলে থাকা সত্ত্বেও কেন প্রতি বছর সন্তান হচ্ছে, তখন ওই ব্যক্তি বলেন, “একটা ছেলে যথেষ্ট নয়, অন্তত দু’টি ছেলে প্রয়োজন। তা না হলে সংসার চলবে কী ভাবে?” এমনকি তিনি দাবি করেন, ভবিষ্যতে বেশি সন্তান থাকলে উপার্জনকারী হাতও বেশি হবে।
স্বাস্থ্য পরীক্ষার সময় তরুণী নিজের শারীরিক সমস্যার কথাও জানান। তিনি বলেন, প্রায়ই মাথা ঘোরে এবং শ্বাসকষ্টের সমস্যা হয়। এই কথা শুনে ডা. তোমর দম্পতিকে কড়া ভর্ৎসনা করেন। চিকিৎসকের মতে, দুই সন্তানের জন্মের মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখা অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এভাবে বারবার সন্তান ধারণ করে ওই নারী নিজের জীবনকেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। পাশাপাশি এতগুলি সন্তানের সঠিক পুষ্টি, শিক্ষা ও লালনপালন করাও পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
