Last Updated:
Puri Rathyatra 2026 Stampede like Situation: রথযাত্রার সময় পুরীর গ্র্যান্ড রোডে (বড়া দণ্ড) ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্যে পদপিষ্টের মতো পরিস্থিতি। সূত্রের দাবি, ঘটনায় প্রায় ২০০ জন ভক্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর মিলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উদ্ধারকাজে নামে স্পেশাল রেসকিউ ইউনিট (এসআরইউ), জোরদার করা হয়েছে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা।
পুরী: রথযাত্রায় পুরীতে ফের পদপিষ্টের মতো পরিস্থিতি। ভক্তদের ভিড়ে গ্র্যান্ড রোডে (বড়া দণ্ড) তখন পা ফেলার জায়গা নেই, ঠিক সেই মুহূর্তে ঘটল দুর্ঘটনা। জগন্নাথ দেবের ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হল চোখের নিমেষে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির জেরে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে অন্তত ২০০ জন শ্বাসকষ্ট ও নানা শারীরিক সমস্যা নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনায় এক ভক্তের মৃত্যু হয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ওড়িশা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কোনও কোনও তথ্য মেলেনি।
ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ভক্তদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্পেশ্যাল রেসকিউ ইউনিটের (এসআরইউ) একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারী দল অসুস্থ ভক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এবং অ্যাম্বুল্যান্সে করে পুরী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের একটি দল আহত ও অসুস্থদের চিকিৎসা করছেন। যদিও এখনও কোনও অভিযোগ সামনে আসেনি।
VIDEO | Puri, Odisha: A person, who appeared to have fainted, taken for medical treatment as huge number of people gather to attend the annual Jagannath Rath Yatra.
Heavy security arrangements have been put in place to manage the surge in footfall and ensure the smooth conduct… pic.twitter.com/jhf32hhPKo
— Press Trust of India (@PTI_News) July 16, 2026
প্রসঙ্গত, রথযাত্রার মতো বৃহৎ ধর্মীয় উৎসবে বিপুল জনসমাগম হবে, তা জানাই ছিল প্রশাসনের। ফলে পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে। ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জরুরি পরিষেবাও আরও জোরদার করা হয়েছে। তীর্থযাত্রীদের আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, পুরী জুড়ে ১৩,০০০-এরও বেশি পুলিশ সদস্যের পাশাপাশি এনএসজি, আরএএফ, সিআরপিএফ এবং বিএসএফ সদস্যসহ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ১৫টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী, কোস্ট গার্ড এবং ওড়িশা পুলিশও উপকূল বরাবর যৌথ টহল শুরু করেছে, এবং জরুরি অবস্থার জন্য কুইক রেসপন্স টিম মোতায়েন রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের জুন মাসে বার্ষিক রথযাত্রা চলাকালে শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে পদদলিত হয়ে অন্তত তিনজন ভক্ত নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন। ভিড় এড়াতে ভিআইপিদের সঙ্গে থাকা ব্যক্তিদের রথের চারপাশের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। বয়স্ক ভক্ত, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং শহরজুড়ে প্রায় ১,৭০০টি বায়ো-টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
Ajesh Mallick
Puri,Odisha (Orissa)
