রাম মন্দিরে প্রাপ্ত অনুদানের অর্থ তছরুপের অভিযোগ ঘিরে চলমান বিতর্কের মধ্যেই এদিন অযোধ্যায় ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত, সেই বৈঠকেই গৃহীত হয়।
রাম মন্দিরের অনুদানের অর্থে অনিয়মের অভিযোগের জেরে বর্তমানে ট্রাস্ট তদন্তের আওতায় রয়েছে। এই ঘটনায় পুলিশ এবং বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত চালাচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রাস্টের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কর্পোরেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক নেতৃত্ব—দুই ক্ষেত্রেই দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী বজরং বাগড়া।
তিনি বর্তমানে ভিএইচপির আন্তর্জাতিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অযোধ্যায় অনুষ্ঠিত সংগঠনের প্রন্যাসী মণ্ডল ও পরিচালন সমিতির বৈঠকে তিনি এই পদে নির্বাচিত হন।
পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বজরঙ বাগড়ার বাড়ি রাজস্থানের সিকার জেলায়। পূর্ণকালীন সাংগঠনিক দায়িত্ব গ্রহণের আগে তিনি সরকারি সংস্থায় দীর্ঘ ও সফল কর্মজীবন কাটিয়েছেন।
তিনি কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীন নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (নালকো)’-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নালকো এবং
‘রাইটস লিমিটেড’-এর ডিরেক্টর (ফিন্যান্স) ও প্রধান আর্থিক আধিকারিক (সিএফও) পদেও ছিলেন। ফলে আর্থিক ব্যবস্থাপনা ও কর্পোরেট প্রশাসনে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
নালকো থেকে স্বেচ্ছাবসর নেওয়ার পর তিনি সক্রিয়ভাবে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত হন। পরবর্তী সময়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘একল অভিযান’-এর সভাপতি ও সিইও হিসেবেও কাজ করেছেন।
সূত্রের দাবি, রাম মন্দির ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রমের পরবর্তী পর্যায়ে সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতেই তাঁকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।