Last Updated:
Saokat Molla Arrest: ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বোমা বিস্ফোরণ মামলায় কামালগাজি থেকে সওকত মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। বর্তমানে নিউটাউন দফতরে জিজ্ঞাসাবাদ চলছে।
কলকাতা: গ্রেফতার তৃণমূল নেতা শওকত মোল্লা। ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অপরাধে শুক্রবার রাতে কামালগাজি থেকে এনআইএ-তাঁকে গ্রেফতার করে। এই মুহূর্তে নিউটাউনে এনআইএ অফিসে রয়েছেন তিনি।
কীভাবে এনআইএ-র জালে ধরা পড়লেন শওকত? সূত্রের খবর, বৃহস্পতিবার এনআইএ তথ্য পায় শওকত মোল্লা আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন। সেই তথ্যের ভিত্তিতে এনআইএ, বিএসএফ-কে সতর্ক করে এবং নজরদারি বাড়ানো হয়। তবে শওকত নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার বিষয়ে জানতে পেরে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা বাতিল করেন। এরপর তিনি কলকাতার কাছাকাছি একটি জায়গায় গা-ঢাকা দিয়ে ছিলেন।
তদন্তকারীরা পরে জানতে পারেন, শওকত তৃতীয় এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছিলেন। তদন্তের স্বার্থে এনআইএ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই যোগাযোগের সূত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সেই সূত্র ধরেই এনআইএ শওকতের গতিবিধি ট্র্যাক করে। শেষ পর্যন্ত কলকাতায় ফেরার চেষ্টা করার সময় এনআইএ তাঁকে আটক করে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে। এনআইএ আধিকারিকরা শওকতের জীবনতলায় বাড়িতে পৌঁছলে দেখতে পান তালা ঝুলছে বাড়িতে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এরপর দিনভর চলে টানটান নাটক। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তিনি গ্রেফতার হলেন।
Kolkata,West Bengal
Jun 06, 2026 12:09 AM IST
