Last Updated:
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় ১৫ মিনিট বৈঠক করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। সূত্রের খবর, এনসিপিআইয়ের ভবিষ্যৎ ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
নয়াদিল্লি: সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদে প্রধানমন্ত্রীর কক্ষে তাঁর সঙ্গে দেখা করেন শতাব্দী। সূত্রের খবর, প্রায় ১৫ মিনিট ধরে দু’জনের মধ্যে বৈঠক হয়। জানা গিয়েছে, বৈঠকে এনসিপিআইয়ের ভবিষ্যৎ এবং সাংসদের লোকসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের দাবি, এই নিয়ে দ্বিতীয়বার কোনও এনসিপিআই সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করলেন। তবে বৈঠক নিয়ে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী বা শতাব্দী রায়ের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
গত মঙ্গলবারই সংসদে ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে বসে চাঁদের হাট। শাসক শিবির এনডিএ-তে ‘গ্র্যান্ড ওয়েলকাম’ জানানো হয় তৃণমূল ছেড়ে আসা ‘NCPI’ সাংসদদের। সেদিন থেকেই আনুষ্ঠানিক ভাবে এনডিএ-র শরিক হল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার নতুন সাংসদরা। এদিন এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। দ্বিতীয় সারিতেই ছিলেন শতাব্দী রায় ও বাকি সাংসদদের। উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ও।
বৈঠকের শুরুতেই সাংসদদের নাম ধরে ধরে চলে পরিচয়পর্ব। সকলের সঙ্গে আলাদা করে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী মোদি। তবে NDA-র সঙ্গে জুড়ে যাওয়া বা এনডিএ-তে যোগদানের বিষয়ে যে জল্পনা চলছিল, তা যে সঠিক নয়, সে বিষয়টিও স্পষ্ট হয়ে যায় সেদিন। বিজেপিতে মিশে যাওয়া নয়, এনডিএ-র শরিক হিসেবেই আপাতত থাকছে এনসিপিআই। বৈঠক সেরে বেরিয়ে জুন মালিয়া, শতাব্দী রায়, শর্মিলা সরকারদের সকলেরই ছিল একই বক্তব্য ছিল – এই বৈঠক অত্যন্ত সুশৃঙ্খল, আগে এই অভিজ্ঞতা ছিল না। প্রধানমন্ত্রীর এত কাছে পৌঁছন, তাঁর একেবারে নাম ধরে ধরে কথা বলায় আপ্লুত ছিলেন এনসিপিআই সাংসদরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
