Last Updated:
ইতিমধ্যেই সেবাশ্রয় শিবিরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার, পড়ুয়া চিকিৎসকদের ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া, হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে৷
হাঁটু ব্যথা সারাতে সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ডাক্তার দেখিয়েছিলেন৷ আর সেই ওষুধ খেয়েই শেষ পর্যন্ত বাদ গেল পা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস৷ গাফিলতির অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেছে মালতী দেবীর পরিবার৷
২০২৫ সালের আগে থেকেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন মহেশতলার বাসিন্দা ষাটোর্ধ্ব মালতী দেবী৷ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে মহেশতলায় সেবাশ্রয়ের ক্যাম্পের আয়োজন করা হয়৷ অভিযোগ, এলাকার তৃণমূল কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল কর্মীরা একরকম জোর করেই মালতীদেবীকে সেই শিবিরে নিয়ে যান৷ সেখানে হাঁটু ব্যথা কমার জন্য মালতীদেবীকে ওষুধও দেন চিকিৎসক৷
মালতীদেবীর অভিযোগ, সেবাশ্রয় শিবির থেকে দেওয়া ওষুধ খাওয়ার পর থেকে তাঁর হাঁটু ব্যথা আরও বেড়ে যায়৷ হাঁটাচলাতেও সমস্যা দেখা দিতে শুরু করে৷ এরই মধ্যে ফের মহেশতলায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়৷ ফের সেখানে নিয়ে যাওয়া হয় মালতীদেবীকে৷ এবার অবশ্য ওই ক্যাম্প থেকে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হয়৷
কিন্তু এম আর বাঙুর হাসপাতালের চিকিৎসকরা মালতীদেবীর পা পরীক্ষা করে তাঁকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন৷ মালতীদেবীর পরিবারের অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পের দেওয়া ওষুধ খেয়ে সমস্যা বাড়ার কথা বলা হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি এম আর বাঙুর হাসপাতালের চিকিৎসকরা৷
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মালতীদেবীর ডান পা পরীক্ষা করে হাঁটু প্রতিস্থাপনের পরামর্শ দেন৷ সেই মতো অস্ত্রোপচারও হয়৷ কিন্তু অস্ত্রোপচারের পরেও মালতীদেবীর ডান পায়ে সার ফেরেনি৷ এবার পা পরীক্ষা করে চিকিৎসকরা জানান, সেবাশ্রয় শিবির থেকে যে ওষুধগুলি মালতীদেবীকে দেওয়া হয়েছিল, সেগুলির পার্শ্বপ্রতিক্রিয়াতেই তাঁর ডান পায়ের স্নায়ুগুলি অকেজো হয়ে গিয়েছে৷ পরিস্থিতির গুরুত্ব বিচার করে তড়িঘড়ি গঠন করা হয় মেডিক্যাল বোর্ড৷ মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসকরা জানিয়ে দেন, মালতীদেবীর ডান পায়ে পচন ধরতে শুরু করেছে৷ পা কেটে বাদ দেওয়া ছাড়া উপায় নেই৷ শেষ পর্যন্ত ফের অস্ত্রোপচার করে মালতীদেবীর পা কেটে বাদ দেন চিকিৎসকরা৷
৯৬ দিন হাসপাতালে থাকার পর ছাড়া পান মালতী বিশ্বাস৷ তাঁর পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে পরে একাধিকবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তৃণমূল সাংসদের দেখা করার চেষ্টা করেছিলেন তাঁরা৷ কিন্তু অফিসে থাকলেও দেখা করেননি অভিষেক৷ এমন কি, তাঁর দফতরের কর্মীরাও এই ঘটনার দায় নিতে অস্বীকার করেন৷
মালতীদেবীর এই ঘটনা সামনে আসতেই তৎপর হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়৷ আগামিকাল সোমবার মালতীদেবীর ছেলে সৌম্যদ্বীপকে স্বাস্থ্য ভবনে এসে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন শারদ্বত মুখোপাধ্যায়৷ মালতীদেবীর প্রেস্ক্রিপশন এবং তাঁকে কী কী ওষুধ সেবাশ্রয় শিবির থেকে দেওয়া হয়েছিল তা নিজে খতিয়ে দেখতে চান পেশায় চিকিৎসক শারদ্বতবাবু৷
Kolkata,West Bengal
Jul 12, 2026 10:18 PM IST
