Last Updated:
Sheikh Hasina: সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন আগামী ডিসেম্বর মাসেই তিনি বাংলাদেশে ফিরতে চান৷ এবার সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানালেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনা৷
ঢাকা: মৃত্যুদণ্ডের সাজা মাথা নিয়েই তিনি দেশে ফিরবেন, সম্প্রতি জানিয়েছেন শেখ হাসিনা৷ ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী৷ এবার তাঁকে বাংলাদেশে ‘স্বাগত’ জানিয়ে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানালেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনা৷
বাংলাদেশের প্রথম সারীর সংবাদমাধ্যম প্রথম আলো-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন জাহেদ। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘‘ওনার (শেখ হাসিনা) আসার ব্যাপারে আমরা চেষ্টা করছি, উনি যদি আসেন ওয়েলকাম। আমরা শুরু থেকে একটা কথা বলছি, স্বাগত জানাচ্ছি বলে অনেকে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে খুব…স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, এ কথাটি এক দিন আগেও বলেছি, আমরা তাঁর জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।’’
‘‘তাঁর (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাঁকে যদি আমরা প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টা করছি’’, জানিয়ে দিলেন তারেকের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা৷
বাংলাদেশের জনগণ চায় হাসিনার মৃত্যুদণ্ড বজায় থাকুক, জানিয়ে দিলেন তিনি৷ জাহেদ বলেন, ‘‘স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এ দেশের জনগণ যেটা চায় মৃত্যুদণ্ড যেন বহাল থাকে, কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা তাঁকে খালাস দেন, সেটাও হবে।’’
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে ৭৮ বছর বয়সি শেখ হাসিনা রয়টার্সকে বলেন, “ফিরে গেলে আমাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি হত্যা পর্যন্ত করা হতে পারে।”
তিনি বলেন, “তবুও আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতা-কর্মীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চলছে। মৃত্যু যদি আসে, তবে আমি চাই তা আমার নিজের মাটিতেই আসুক—যেখানে আমার বাবা-মা সমাধিস্থ এবং যেখানে তাঁদের রক্ত ঝরেছিল।”
Kolkata,West Bengal
